বিক্ষোভেই 'স্বাগত' নেইমারদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস ফেলিপে স্কলারি আগে থেকেই ছিলেন। নেইমাররা আসতেই তাই জানালেন সাদর  অভ্যর্থনা। পরশু রিওর অদূরের টেরেসোপোলিসের অনুশীলন ক্যাম্পে l এএফপি
লুইস ফেলিপে স্কলারি আগে থেকেই ছিলেন। নেইমাররা আসতেই তাই জানালেন সাদর অভ্যর্থনা। পরশু রিওর অদূরের টেরেসোপোলিসের অনুশীলন ক্যাম্পে l এএফপি

রিও ডি জেনিরোর লিনক্স হোটেল থেকে বেরিয়ে যাওয়ার সময় শ খানেক বিক্ষোভকারী নেইমার-অস্কারদের বহনকারী বাসটার পথ আটকে দাঁড়ালেন। গলায় বিশ্বকাপবিরোধী স্লোগান, হাতে প্ল্যাকার্ডের কথাগুলোও সেই স্লোগানের সঙ্গে মেলানো। এ রকম চলতে থাকল বেশ কিছুক্ষণ ধরে। নাহ, সহিংস কিছু ঘটেনি। তবে শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে নিতে বেশ বেগ পেতে হলো ব্রাজিল পুলিশকে। কোনো অঘটন ছাড়াই হোটেল থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরের অনুশীলন ক্যাম্পে পেঁৗছাতে পেরে স্বস্তিতে ব্রাজিলিয়ান খেলোয়াড়েরা৷
ক্যাম্পের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে পরে গোলরক্ষক হুলিও সিজারের রসিকতা, ‘এখানে যে রকম বাধা দেখলাম, আশা করছি বিশ্বকাপে প্রতিপক্ষের রক্ষণভাগের বাধা এত কঠিন হবে না।’
রসিকতা করলেন বটে! তবে অনুশীলন শুরুর প্রথম দিনেই একটা বার্তা পেয়ে গেলেন নেইমার-আলভেজরা—বিশ্বকাপবিরোধীদের মন জয় করা কঠিনই হবে তাঁদের জন্য৷ শুভ কামনার বদলে বিক্ষোভে ‘স্বাগত’ জানানো, এমনটা ভাবেননি কোচ লুইস ফেলিপে স্কলারিও৷
সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন না করে বিশ্বকাপের পেছনে বিপুল অর্থ ব্যয়ের কারণে দীর্ঘদিন ​থেকেই সোচ্চার ব্রাজিলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সেটিরই ধারাবাহিকতায় পরশুর বিক্ষোভ ছিল মূলত শিক্ষকদের। হোটেল থেকে টিম বাস ছেড়ে যাওয়ার সময় বেশ কিছুক্ষণ তা দাঁড় করিয়ে রেখে ​ওই শিক্ষকদের স্লোগান, ‘একজন শিক্ষকের মূল্য নেইমারের চেয়ে বেশি।’ সংবাদমাধ্যমের কাছে পরে আন্দোলনকারী শিক্ষকদের একজন লুই কস্তা ক্ষোভ প্রকাশ করলেন এভাবে, ‘বিশ্বকাপ আয়োজন এই দেশের অগ্রাধিকার হতে পারে না। স্বাস্থ্যসেবা, শিক্ষা, বাসস্থান ও পরিবহনব্যবস্থার উন্নয়নকেই সরকারের অগ্রাধিকার দেওয়া উচিত।’
বিশ্বকাপের জন্য ব্রাজিল দলের ক্যাম্প হচ্ছে টেরেসোপোলিসে, ২০১১ সালে ভারী বৃষ্টির কারণে যেখানে হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছিল। সেই অঞ্চলেই ব্রাজিলিয়ান ফুটবলারদের জন্য অনেক টাকা খরচ করে ট্রেনিং সেন্টার গড়ে তোলা হয়েছে৷ কিন্তু ক্ষতিগ্রস্তদের কোনো সহায়তা দেওয়া হয়নি বলে অভিযোগ বিক্ষোভকারীদের।
ফুটবলারদের এ জন্য দোষারোপ করা মোটেও ঠিক হচ্ছে মনে করেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ও স্থানীয় আয়োজকদের একজন রোনালদো। ব্রাজিলের একটি দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের মালিক বলছেন, ‘মানুষের বোঝা উচিত এসব সরকারের দায়। যে সরকারকে তাঁরাই ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এর সঙ্গে ফুটবল কিংবা বিশ্বকাপের কোনো সম্পর্ক নেই।’
কার্লোস আলবার্তো পাহেইরার বিশ্বাস, বিশ্বকাপ শুরু হলেই মানুষ এসব আন্দোলন থামিয়ে গলা ফাটাবেন সেলেসাওদের সমর্থনে। অনুশীলন শেষে সাংবাদিকদের সামনে তেমন আশাবাদই শোনালেন ব্রাজিল দলের টেকনিক্যাল ডিরেক্টর, ‘আপনারা যা ইচ্ছে ভাবতে পারেন, তবে আমি বিশ্বাস করি আমাদের দলটা ব্রাজিলের ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক। বিশ্বকাপের সময় সবাই দলটাকে সমর্থন দেবে, এ বিষয়ে আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই। এটা তো ওদেরই দল।’
বাইরের এই বিক্ষোভের অাঁচ অবশ্য মাঠের অনুশীলনে ছিল না। স্বাস্থ্য পরীক্ষার পর গা গরমের জন্য ছোটাছুটিতে বেশ ফুরফুরে মেজাজে দেখাল থিয়াগো-ফ্রেড-লুইজদের। প্রথম দিন অনুশীলনে বাকি ২২ জন যোগ দিলেও ছিলেন না ডিফেন্ডার মার্সেলো। চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ধকল সামলাতে অন্যদের চেয়ে এক দিন বেশি বিশ্রাম দেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদ তারকাকে৷
টেরেসোপোলিসে টানা কয়েক দিনের অনুশীলনের পর স্কলারির পরবর্তী গন্তব্য ব্রাজিলেরই গুইয়ানিয়া শহর। ৩ জুন সেখানে পানামার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। সাও পাওলোতে সার্বিয়ার বিপক্ষে নেইমারদের শেষ প্রস্তুতি ম্যাচটা ৬ জুন। রয়টার্স ও এএফপি।