বিখ্যাত রক্ষণের এমন পরিণতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্ষণভাগ দুর্গ বানিয়ে যারা ফুটবল খেলে, যাদের ফুটবল মানেই বল পজেশন রেখে হঠাৎ দ্রুত প্রতি-আক্রমণে ওঠা, সেই ইতালির বিখ্যাত রক্ষণের এ কী কুৎসিত দশা! কখনো ইতালির রক্ষণ নিয়ে এমন তির্যক মন্তব্য করব ভাবিনি। কিন্তু স্লোভাকিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ইতালির বিদায় নেওয়ার ম্যাচ দেখে রূঢ় ভাষাতেই আজ্জুরিদের সমালোচনা করতে হচ্ছে।ইতালির কফিনে তৃতীয় পেরেকটি (পড়ুন তৃতীয় গোল) যখন ঠোকা হলো, ক্যানাভারোরা তখন কোথায়? অনেক পেছন থেকে এসে স্লোভাক খেলোয়াড়টি ডিফেন্ডারদের মাঝখান দিয়ে বেরিয়ে গেল। একটা ডিফেন্ডার তাকে আটকাতে পারল না। একি সামর্থ্যেরই অভাব! হবে হয়তো! গতিহীন রক্ষণ, শূন্যে আসা বল ক্লিয়ার করতে নিদারুণ ব্যর্থতা, সমন্বয় আর মনঃসংযোগের অভাব, ভারসাম্যহীনতা—ইতালির গোটা রক্ষণভাগই ছিল ছন্নছাড়া। ডিফেন্ডাররা কে কোথায় কেউ জানে না। একজন ট্যাকল করতে গেলে তার জায়গায় বড় শূন্যতা ডেকে এনেছে পতন। শুধু রক্ষণ নয়, গোটা ইতালি দলই খেলেছে নিম্ন মানের ফুটবল। এটি যে সত্যিই বয়সের ভারে ন্যুব্জ এক দল, প্রমাণের বাকি রইল না আর। পঁয়ত্রিশোর্ধ্ব ক্যানাভারোর নড়াচড়াই প্রতীকী ছবি হতে পারে। মন চাইলেও শরীর চলছিল না। বয়সের কাছে একসময় হার মানতেই হয়!কোচ মার্সেলো লিপ্পি কী চিন্তা করে এই দল বেছেছেন, তিনই ভালো বলতে পারবেন। তবে দলটির করুণ পরিণতির পর বলতে পারি, লিপ্পির খেলোয়াড় বাছাই সঠিক ছিল না।এই ইতালি বল পজেশনই রাখতে পারেনি। সেই সামর্থ্যই নেই মনে হলো। সঠিক লম্বা পাস সুদূর কল্পনা, কাছাকাছি দুটি পাসই তো ছিল এলোমেলো। লম্বা খেলতে গেলেই থ্রো অথবা গোল কিকই ছিল শেষ পরিণতি।ফ্রান্সের তবু মাঠের বাইরে অনেক সমস্যা ছিল। ইতালির তো সেটি নয়। আসলে টুর্নামেন্টের শুরুতেই হোঁচট খেয়ে সেই যে চাপে পড়েছে গতবারের চ্যাম্পিয়নরা, তা থেকে আর বেরিয়ে আসতে পারেনি। একটা ‘দল’ হয়ে তারা খেলতে পারেনি। মাঠে নিজেদের সামর্থ্যের প্রয়োগটা ঠিকভাবে করতে না পারলে এমনই হয়!এতকাল তাহলে ইতালিয়ানরা কীভাবে পেরেছে? প্রশ্ন বটে। এবার আসলে তারা পারল না, গতিতে মার খেয়ে। প্রতিপক্ষ অবশ্যই কৃতিত্বের দাবিদার। ইতালিকে তারা খেলতে দেয়নি, প্রতিটি বিভাগেই শ্রেয়তর দল ছিল স্লোভাকরা।এর মাধ্যমে একটা বার্তা আবার পাওয়া গেল—বড় দলগুলোর সঙ্গে অন্যদের ব্যবধানটা প্রতিদিন কমছে। আরেকটা উদাহরণ তো পরশুই পাওয়া গিয়েছে। সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ডেনমার্ককে জাপান যেভাবে হারিয়েছে তাতে বড়-ছোটর দূরত্ব আর রইল কোথায়! মাতবরদের মাতবরি কমে আসছে, এটা ফুটবলের জন্য খুবই ভালো। ইতালি যে কারণে হারল ঠিক একই কারণে জিতল জাপান। ইতালিয়ানরা বল দখলের লড়াইয়ে হেরেছে, জাপানিরা জিতেছে। পার্থক্যটা এখানেই। বল হারালেও জাপানের দুই-তিনজন খেলোয়াড় বলের পেছনে ছুটে আয়ত্তে নিয়েছে দ্রুত। এর সঙ্গে যোগ করুন দুটি অসাধারণ ফ্রি-কিক, দারুণ ফিনিশিংয়ে তৃতীয় গোল—বাহ, জাপান, বাহ! আর ইতালি? লখিন্দরের বাসরঘর ছিল যে রক্ষণ, সেটিরই সৌজন্যে কিনা তিন গোল খেয়ে লজ্জায় বাড়ি ফিরছে চ্যাম্পিয়নরা।