বিগ থ্রির প্রস্তাবের পক্ষে শ্রীলঙ্কাও
জলে থেকে কি আর কুমিরের সঙ্গে লড়াই চলে? একটু দেরিতে হলেও শেষমেশ তাই ‘বিগ থ্রি’র সংস্কার প্রস্তাবের পক্ষেই অবস্থান নিল শ্রীলঙ্কা।
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের দেওয়া সংস্কার প্রস্তাব নিয়ে কিছুদিন ঝড় বয়ে গেছে ক্রিকেট বিশ্বে। ৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে আইসিসির বৈঠকে পাসও হয়ে গেছে সেই প্রস্তাব। তখন ভোটদানে বিরত থাকা শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছিল, নিজেদের বোর্ডে আলোচনা করে পরে সিদ্ধান্ত জানানো হবে। পরশু এসএলসির নির্বাহী কমিটির বৈঠকে সংস্কার প্রস্তাব সমর্থন করার ‘সর্বসম্মত’ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের পর এসএলসির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কমিটির সদস্যরা সংশোধিত আইসিসির সংস্কার প্রস্তাব বিস্তারিত মূল্যায়ন করেছেন। সব সদস্য একমত হয়েই প্রস্তাব সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন।’
এরপর যেন এই সম্মতির পক্ষে সাফাই গাইলেন এসএলসির সাধারণ সম্পাদক নিশান্থ রানাতুঙ্গা, ‘তারা (বিগ থ্রি) আমাদের দৃষ্টিভঙ্গিকে সম্মান করেছে। আমাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়াও দারুণ।’ বিগ থ্রির বিপক্ষে গেলে শ্রীলঙ্কাকে কী বিশাল ক্ষতির সম্মুখীন হতে হতো, সেটাও ব্যাখ্যা করেছেন তিনি, ‘এই তিন দেশে একটা সিরিজ থেকে আমাদের প্রায় ৪৭ থেকে ৪৮ মিলিয়ন ডলার আয় হয়। প্রস্তাবের বিরোধিতা করলে আমাদের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হতো। যাঁরা নৈতিকতার কথা বলেন, তাঁরা তো আমাদের টাকা দেবেন না। এসব সিরিজ থেকেই আমাদের টাকা উপার্জন করতে হবে।’ ওয়েবসাইট।