বিগ ব্যাশ শেষ স্যামুয়েলসের (ভিডিও)
মারলন স্যামুয়েলসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ায় শেন ওয়ার্ন এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। এ জন্য তাঁকে জরিমানা গুনতে হচ্ছে চার হাজার ৭০০ মার্কিন ডলার। শুনানি হলে নিশ্চিতভাবে শাস্তি হবে স্যামুয়েলসেরও। তবে শাস্তি ঘোষণার আগেই ইনজুরির কারণে বিগ ব্যাশের চলমান আসর থেকে ছিটকে পড়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার।গতকাল সোমবার মেলবোর্নের দুই দল স্টারস ও রেনেগেডসের মধ্যকার ম্যাচে আঘাত পান স্যামুয়েলস। লাসিথ মালিঙ্গাকে হুক করতে গেলে বল তাঁর চোখে লাগে। এ সময় চোখ থেকে রক্ত ঝরতেও দেখা যায়। আঘাত পেয়ে কাতরানোর সময় মালিঙ্গা ছাড়া স্টারসের আর কেউই স্যামুয়েলসের দিকে এগিয়ে যাননি। কারণ এর আগেই স্টারসের অধিনায়ক শেন ওয়ার্নের সঙ্গে স্যামুয়েলসের অপ্রীতিকর ঘটনা ঘটে।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বলের আঘাতে স্যামুয়েলসের চোখের কোটর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আশঙ্কা করা হয়েছে। বিগ ব্যাশ কর্তৃপক্ষ আজ মঙ্গলবার জানিয়েছে, তাঁর বদলি হিসেবে ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে দলে আনা হয়েছে।স্যামুয়েলস-ওয়ার্ন তিক্ত ঘটনার সূত্রপাত স্টারসের ইনিংসের সময়। দ্বিতীয় রান নেওয়ার সময় ডেভিড হাসির শার্ট খামচে ধরেন বোলার স্যামুয়েলস, যদিও তাঁর দিকে যাচ্ছিলেন না হাসি। দ্বিতীয় রানটা নিতে পারেননি হাসি। পরে রেনেগেডসের ব্যাটিংয়ের সময় স্যামুয়েলস একবার দ্বিতীয় রান নিতে উদ্যত হতেই ওয়ার্ন এগিয়ে গিয়ে গালি দিয়ে বলেন, ‘আরও কাউকে খামচে ধরতে চাও?’ এর পর স্যামুয়েলসের শার্ট খামচে ধরে হাসির সঙ্গে ঘটনার শোধ নেন ওয়ার্ন। আঙুল তুলে কিছু একটা ইঙ্গিতও করেন।ঘটনার শেষ নয় এখানেই। খানিক পর স্যামুয়েলসের একটি ড্রাইভে ফিল্ডিং করে খুব কাছ থেকে তাঁর গায়ে আলতো করে বল ছুঁড়ে মারেন ওয়ার্ন। ক্ষিপ্ত স্যামুয়েলস ওয়ার্নের দিকে ছুঁড়ে মারেন ব্যাট। ওয়ার্নের মাথার ওপর দিয়ে ব্যাট গিয়ে পড়ে আম্পায়ারের কাছে। এ অবস্থায় আম্পায়াররা ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।