বিগ ব্যাশে ওয়ার্নের তাণ্ডব (ভিডিও )

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে শেন ওয়ার্নের অনেক বিতর্কিত ‘কীর্তি’ই সমালোচনার ঝড় তুলেছিল। এবার অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ—বিগ ব্যাশেও অশোভনীয় আচরণের জন্য সমালোচিত হয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই লেগ স্পিনার। গতকাল দুই নগর প্রতিদ্বন্দ্বী মেলবোর্ন স্টারস ও মেলবোর্ন রেনেগেডসের খেলা চলার সময় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান মারলন স্যামুয়েলসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয় ওয়ার্নের। একপর্যায়ে স্যামুয়েলসের দিকে বল ছুড়ে মারেন সাবেক এই অসি ক্রিকেটার। জবাবে মারলন স্যামুয়েলসও ব্যাট ছুুড়ে মারেন ওয়ার্নের দিকে। এ ঘটনায় ওয়ার্নকে এক ম্যাচ বহিষ্কার ও চার হাজার ৭০০ ডলার জরিমানা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।শেন ওয়ার্নের দল মেলবোর্ন স্টারসের ছুুড়ে দেওয়া ১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে মেলবোর্ন রেনেগেডস। ইনিংসের দশম ওভারে ক্লিন্ট ম্যাককের একটি বাউন্সার ওয়াইড ঘোষণা করায় আম্পায়ারের ওপরে চড়াও হয় ওয়ার্নের নেতৃত্বাধীন মেলবোর্ন স্টারস। এ সময় উত্তপ্ত বাক্যবিনিময় হয় মারলন স্যামুয়েলস ও শেন ওয়ার্নের মধ্যে। একপর্যায়ে হাতের বলটাই স্যামুয়েলসের দিকে ছুুড়ে মারেন ওয়ার্ন। স্যামুয়েলসও পাল্টা জবাবে ব্যাটটা ছুুড়ে মারেন ওয়ার্নের দিকে। পরবর্তী সময়ে অবশ্য নিজের এই অশোভন আচরণের জন্য আক্ষেপ করেছেন সর্বকালের অন্যতম সেরা এই লেগস্পিনার। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁর ওপর যে শাস্তি আরোপ করেছে, সেটা একটু বেশিই রূঢ় হয়ে গেছে বলে মন্তব্য ওয়ার্নের। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমার কিছু আচরণের জন্য আমি সত্যিই দুঃখিত। কিন্তু আমাকে যেরকম কঠোর শাস্তি দেওয়া হলো, সেটাও হতাশাজনক। আমার মনে হয় এটা একটু বেশিই রূঢ় হয়ে গেছে।’ওয়ার্নের ছুুড়ে মারা বলে আঘাত না পেলেও ম্যাচের পরবর্তী সময়ে শ্রীলঙ্কান পেসার লাথিস মালিঙ্গার বলে চোখে আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন মারলন স্যামুয়েলস। সুস্থ হওয়ার পর হয়তো তাঁর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। রয়টার্স