বিগ ব্যাশে কেমন করলেন সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল হাতে সাকিব ছিলেন দুর্দান্ত। ফাইল ছবি
বল হাতে সাকিব ছিলেন দুর্দান্ত। ফাইল ছবি

বিগ ব্যাশ কেবল অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টই নয়, ক্রিকেট দুনিয়ায় এ টুর্নামেন্টের আবেদন গুরুত্ব অন্য রকম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিত্যনতুন নানা অনুষঙ্গ যোগ হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিগ ব্যাশের।
এ টুর্নামেন্টে এখনো পর্যন্ত বাংলাদেশের একজনই খেলার সুযোগ পেয়েছেন-সাকিব আল হাসান। গত বছর খুব সংক্ষিপ্ত সময়ের জন্য গিয়েছিলেন বিগব্যাশ খেলতে। এবার সে তুলনায় কিছুটা বেশি ম্যাচ খেলেছেন। নিষেধজ্ঞা না থাকলে হয়তো ম্যাচের সংখ্যা আরও বাড়ত। তবে এবার বিগ ব্যাশে সাকিবের আগমন বেশ আলোড়নই সৃষ্টি করেছে অস্ট্রেলিয়ায়। মেলবোর্ন রেনিগেডস তো ফলাও করে করে প্রচার করেছে সাকিব-সংক্রান্ত নানা খবর। কথা হলো, মাঠে কতটা সফল ছিলেন সাকিব?
বোলিংয়ে দারুণ আলো ছড়িয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। টুর্নামেন্টে ৭ উইকেট নিয়ে পেসার জেমস প্যাটিনসনের সঙ্গে যৌথভাবে রেনিগেডসের সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব। তবে প্যাটিনসন ৫ উইকেটে নিয়েছেন পাঁচ ম্যাচ খেলে আর সাকিব চার ম্যাচে। ওভারপ্রতি রান দেওয়ার ক্ষেত্রে প্যাটিনসন সাকিবের চেয়ে ঢের পিছিয়ে। সাকিবের ওভারপ্রতি রান দেওয়ার গড় ৬.০৬ সেখানে প্যাটিনসনের ৭.০। এ ক্ষেত্রে রেনিগেডসের বোলারদের মধ্যে সাকিবের অবস্থান তিনে। ইকোনমি রেট ৬.০ নিয়ে যৌথভাবে শীর্ষে ফাওয়াদ আহমেদ ও অ্যারন ফিঞ্চ। তবে ফিঞ্চ বল করেছেন মাত্র ৫ ওভার, খণ্ডকালীন বোলার হিসেবে। সে হিসেবে সাকিবের চেয়ে এগিয়ে কেবল ফাওয়াদ। বল হাতে এ টুর্নামেন্টে দারুণ একটি রেকর্ডও গড়েছেন সাকিব। ব্রিসবেন হিটের বিপক্ষে ৪ ওভারে ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে গড়েছেন রেনিগেডসের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড। ওই ম্যাচে রেনিগেডসের ৫ উইকেটের জয়ের নায়ক ছিলেন সাকিবই। হয়েছিলেন বিগ ব্যাশে প্রথম ম্যাচসেরা।
বল হাতে জ্বলে উঠলেও ব্যাট হাতে সাকিব ছিলেন অনেকটাই ম্লান। এ নিয়ে কদিন আগে কিছুটা উদ্বেগও প্রকাশ করেছিলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিশ্বকাপ প্রস্তুতির এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মাশরাফি বলছিলেন, ব্যাট হাতে সাকিব জ্বলে উঠতে পারলে আমাদের জন্য হতো দারুণ স্বস্তির খবর। ৪ ম্যাচে ৪ ইনিংসে সাকিবের রান মাত্র ৩৯। গড় ৯.৭৫, সর্বোচ্চ ২২। এই ২২ রান করেছেন টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচ অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। ফিল্ডিংয়ে চার ম্যাচে রানআউট করেছেন ১টি আর ক্যাচ নিয়েছেন ৩টি। গত মৌসুমে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশে খেলেছিলেন সাকিব। মাত্র দুটি ম্যাচে অংশ নিয়ে ব্যাট হাতে করেছিলেন ৪৮ রান। হাত ঘুরিয়ে পেয়েছিলেন ২ উইকেট। এবার ব্যাট হাতে গত মৌসুমের রানটাও করতে পারেননি তিনি। তবে বল হাতে নিশ্চয়ই চিনিয়েছেন তাঁর জাত।
সাকিব আসার আগে চার ম্যাচের তিনটিতেই হেরেছিল রেনিগেডস। সাকিবকে নিয়ে চার ম্যাচের দুটিতেই জয়। এর মধ্যে মেলবোর্ন স্টারসের বিপক্ষে সাকিবের দল হারে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে। শেষ ম্যাচটিতে অবশ্য তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি তাঁর দল।
৮ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে বিদায় নিশ্চিত হয়েছে রেনিগেডসের। তবে চার ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন সাকিব। ব্যাটে জ্বলে উঠতে পারলে হয়তো এ পারফরম্যান্সের ষোলোকলা পূর্ণ হতো। তবে যতটুকু করেছেন, সেটি নিয়েও গর্ব করতে পারেন বাংলাদেশের দর্শকেরা।