বিগ ব্যাশে খেলতে চান না আফ্রিদি
শুরুতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বাধায় অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে খেলতে পারছিলেন না শহীদ আফ্রিদি। কিন্তু এখন তিনি নাকি নিজেই আর বিগ ব্যাশে খেলতে চান না। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলার চেয়ে এ মুহূর্তে আগামী মাসের ভারত সফরের জন্য নিজেকে প্রস্তুত করাটাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পাকিস্তানি এই অলরাউন্ডার। সিডনি থান্ডারের হয়ে বিগ ব্যাশে খেলার কথা ছিল শহীদ আফ্রিদির। কিন্তু অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে টাকার বিনিময়ে খেলার চেয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে খেলাটাই এখন বেশি গুরুত্বপূর্ণ আফ্রিদির কাছে। তার আগে এই সাবেক অধিনায়ক পাকিস্তানের ঘরোয়া লিগে খেলে নিজেকে ভালোমতো প্রস্তুত করতে চান। ভারত সফরের দলে নিজের জায়গাটাও নিশ্চিত করতে চান তিনি। আফ্রিদি বলেছেন, ‘আমি পাকিস্তানের ঘরোয়া লিগে খেলে নিজের ফর্ম পুনরুদ্ধারেই এখন বেশি প্রাধান্য দিচ্ছি।’ আগামী ২ ডিসেম্বর শুরু হবে পাকিস্তানের ঘরোয়া লিগ; আর ২২ ডিসেম্বর থেকে পাকিস্তানের ভারত সফর।এর আগে গত সপ্তাহে তিন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি, সাইদ আজমল ও উমর আকমলের বিগ ব্যাশে খেলতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। অবশ্য পরে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের বিশেষ অনুরোধে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় পিসিবি। রয়টার্স