বিগ ব্যাশেও সর্বোচ্চ কেপি
ইংল্যান্ড থেকে ‘মুক্ত’ কেভিন পিটারসেন যে ক্রিকেট-বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোয় ‘হটকেক’ হবেন, সেটা জানাই ছিল। এখন শুধু বাস্তব রূপ পাচ্ছে সেই ধারণা। আইপিএলের নিলামে এবার ১৫ লাখ ডলারে তাঁকে কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস। দিয়েছে অধিনায়কের দায়িত্বও। পুরো সময়ের জন্য পেয়ে বড় অঙ্কের টাকা দিচ্ছে তাঁর কাউন্টি দল সারেও। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তিনিই সবচেয়ে দামি ক্রিকেটার। এবার সবচেয়ে দামি হতে যাচ্ছেন বিগ ব্যাশেও। অস্ট্রেলিয়ান ঘরোয়া টি-টোয়েন্টির দল মেলবোর্ন স্টারসের সঙ্গে এ মাসের শেষের দিকে চুক্তি করতে যাচ্ছেন পিটারসেন ২ লাখ ডলারে। বিগ ব্যাশে ২ লাখই সর্বোচ্চ বেঁধে দেওয়া পারিশ্রমিক। পিটারসেনের প্রাপ্তিযোগটা আরও বেশি হবে প্রচারণা ও স্পনসরশিপ থেকে। টুর্নামেন্ট সম্প্রচারকারী সংস্থা চ্যানেল টেন প্রচারণার জন্য চুক্তি করতে যাচ্ছে মারকুটে ইংলিশ ব্যাটসম্যানের সঙ্গে। বিগ ব্যাশের প্রচারণায় এর আগে কাজে লাগানো হয়েছে শুধু স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নকেই। ওয়েবসাইট।