বিগ ব্যাশের তারকা ওয়ার্ন
রোম যখন আগুনে পুড়ে ছারখার হয়, নিরো তখন বাঁশি বাজায়। এটির সঙ্গেই মিল খুঁজে পেয়েছেন মাইকেল স্ল্যাটার। অস্ট্রেলিয়া টেস্ট দল যখন ‘পুড়ছে’ ব্যর্থতার আগুনে, সেই সময় অস্ট্রেলিয়া মত্ত টি-টোয়েন্টি নামের ‘ছেলেমানুষি’ এক খেলায়। স্ল্যাটাররা যতই বিরক্তিতে ভ্রু কুঁচকে থাকুন, টি-টোয়েন্টি বিগ ব্যাশ টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক সিডনি সিক্সার্সের মুখোমুখি হবে ব্রিসবেন হিট। আট দলের এই টুর্নামেন্ট দিয়েই আবারও ক্রিকেটে ফিরছেন শেন ওয়ার্ন। আগামীকাল তাঁর মেলবোর্ন স্টারস মুখোমুখি হবে সিডনি থান্ডারের।ওয়ার্ন সর্বশেষ খেলেছেন আইপিএলে। গত আসরে খেলার পরই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন। কিন্তু নিজের শহর মেলবোর্নের প্রস্তাব শেষ পর্যন্ত পায়ে ঠেলতে পারেননি। রাজি হয়েছেন। ৪২ বছর বয়সে তাই আবার দেখা যাবে তাঁকে বল হাতে। শুধু ওয়ার্ন নন; ম্যাথু হেইডেন, স্টুয়ার্ট ম্যাকগিলরাও খেলছেন এই টুর্নামেন্টে। অবশ্য সবার চোখ ওয়ার্নের ওপরেই। কেমন করবেন তিনি?ভালো যে করবেন, এ নিয়ে সন্দেহ করার মতো লোক পাওয়া যাচ্ছে কমই। বরং শুধু টি-টোয়েন্টি নয়, ওয়ার্ন চাইলে নাকি আরও তিন বছর টেস্ট ক্রিকেটেও খেলতে পারবেন অনায়াসে। এমন রায় দিয়েছেন সিডনি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিজ্ঞানের গবেষক ড. রেনে ফার্ডিনান্ডস!