বিচ ফুটবলে সোনা জয়ের আনন্দ
বাফুফে ভবনে কাল জাতীয় দলের প্রধান কোচ নিকোলা ইলিয়েভস্কিকে শ্রীলঙ্কা সফরের অভিজ্ঞতা বর্ণনা করছিলেন বিচ ফুটবল দলের ম্যানেজার হাসানুজ্জামান খান (বাবলু)। মাত্র তিন দিনের অনুশীলনে সোনা জিতে বাংলাদেশ দলের খেলোয়াড়েরাই নাকি বিস্মিত। তাঁর দাবি, রেফারির পক্ষপাতমূলক আচরণের পরও বাংলাদেশ দুর্দান্ত খেলেই সোনা জিতেছে। দক্ষিণ এশীয় বিচ গেমসে অংশ নেওয়া বাংলাদেশ দল দেশে ফিরেছে কাল। গেমসে একটি সোনা, একটি রুপা ও একটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। বিমানবন্দরে তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ।একেবারেই অল্প প্রস্তুতিতে প্রথমবারের মতো অংশ নিয়েই সোনা জয়। বাংলাদেশ দলের সর্বোচ্চ গোলদাতা আবদুল বাতেনের (কোমল) জয়টাকে মনে হচ্ছে যোগ্য দলের পুরস্কার হিসেবে, ‘আমরা ফাইনালে দারুণ খেলেছি। রেফারির পক্ষপাতিত্বের পরও আমাদের ওরা আটকাতে পারেনি। মামুন মিয়া এবং আমাকে বিনা কারণে লাল কার্ড দেখিয়েছেন রেফারি।’ বিচ ফুটবলে সবচেয়ে বেশি প্রয়োজন স্ট্যামিনা আর স্কিল। ডিফেন্ডার ওয়ালি ফয়সালের কথা, ‘বিচ ফুটবলে খেলতে হয় ৩৬ মিনিট। কিন্তু বালুর মধ্যে খেলাটা মোটেই সহজ নয়। এই খেলার জন্য সবচেয়ে বড় প্রয়োজন স্ট্যামিনা আর স্কিল। আমাদের প্রতিটি খেলোয়াড়েরই স্ট্যামিনা ভালো ছিল।’ স্ট্রাইকার এনামুল বললেন, ‘কক্সবাজারের বালু আর শ্রীলঙ্কার ওই বালু আকাশ-পাতাল পার্থক্য। ওটা মনে হচ্ছিল পাথুরে বালু। এর ওপর প্রচণ্ড গরম। ফাইনালে আমাদের খেলতে অনেক কষ্ট হচ্ছিল।’