বিচ ভলিবল মানেই আর বিকিনি নয়
লন্ডন অলিম্পিকে বিচ ভলিবল দেখতে বসে চোখ কচলাবেন না। মনে করবেন না, ভুল করে অন্য কোনো খেলায় চলে এসেছেন। অ্যাথলেটদের পোশাকটা একটু অন্য রকম মনে হলেও ওটা বিচ ভলিবলই। কারণ বিকিনি পরার বাধ্যবাধকতা আর নেই বিচ ভলিবলে। এখন থেকে চাইলেই মহিলা অ্যাথলেটরা শর্টস ও ফুলহাতা টপস পড়ে খেলতে পারবেন। ঢেকে রাখতে পারবেন মাথাও। ঠান্ডা থেকে বাঁচতে পরা যাবে বডিস্যুটও।পরশু পোশাকের নতুন এই বিধি চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ভলিবল ফেডারেশন (এফআইভিবি)। শুধু অলিম্পিকেই নয়, এই আইন প্রযোজ্য হবে এফআইভিবি আয়োজিত সব প্রতিযোগিতাতেই। বিচ ভলিবলকে আরও জনপ্রিয় করতে ও সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্যই এই উদ্যোগ। বিবেচনায় নেওয়া হয়েছে বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক আবহকে। এই পরিবর্তনকে যুগান্তকারীই বলতে হবে। ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে প্রথম অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে এত দিন মেয়েরা বিকিনি পরেই খেলেছেন বিচ ভলিবল। রয়টার্স।