বিচার চান ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই কবেকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ বয়ে বেড়াতে হচ্ছে এখনো। গত পরশু ইতালিতে ফিরে তাই ‘ন্যায়বিচারের’ আকুতি ঝরে পড়ল ম্যারাডোনার কণ্ঠে।ক্যারিয়ারের সোনালি সময়টা যেখানে কাটিয়েছেন, সেই নাপোলিই যেন অগম্য হয়ে উঠেছিল। গতকাল নেপলসের এক হোটেলে সংবাদ সম্মেলনে আবেগপ্রবণ গলায় বললেন, ‘আমি কাউকে খুন করিনি। আমি শুধু বিচার চাইতে এসেছি।’ প্রতারকদের খপ্পরে পড়েছিলেন বলে দাবি করলেন আবারও। পুরো ব্যাপারটা সুরাহা করার জন্য ইতালির প্রেসিডেন্ট জিওর্জিও নাপোলিতানোর সঙ্গে দেখা করতে চান বলেও জানিয়েছেন। ‘আমি তাঁর কাছে সবকিছু ব্যাখ্যা করতে পারব’—ম্যারাডোনার আশা।১৯৮৪ থেকে ১৯৯১ পর্যন্ত নাপোলির জার্সি গায়ে আলো ছড়িয়েছেন। ২০০৫ সালে ইতালিয়ান কর বিভাগ দাবি করে বসে, ওই সময়ে ম্যারাডোনার কাছে তাদের বকেয়া সুদসহ পাওনা তিন কোটি ৭২ লাখ ইউরো। সম্ভাব্য গ্রেপ্তার এড়াতে তাই আর ইতালিতে যাওয়া হয়নি। গত নভেম্বরে অবশ্য ইতালির আদালত পুরো ব্যাপারটা নতুন করে তদন্তের আদেশ দেন।এখন দুবাইয়ের ক্রীড়াদূত এই কিংবদন্তি। ইতালিতে উড়ে গিয়েছেন দুবাই থেকেই। সিরি ‘আ’তে সাবেক ক্লাব নাপোলি ও উদিনেসের ম্যাচটাও দেখেছেন। গ্যালারিতে যাননি অবশ্য, দেখেছেন হোটেলে বসে টিভিতেই। ম্যারাডোনা যাননি বলেই হয়তো জয় পায়নি নাপোলি, গোলশূন্য থেকেছে ম্যাচ! এএফপি।