বিচারপতি কাইয়ুমের আফসোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট গড়াপেটার কেলেঙ্কারি এই প্রথম ঝড় তোলেনি পাকিস্তানে। নব্বইয়ের দশকের শেষ দিকে ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে সবচেয়ে বেশি টলোমলো হয়ে গিয়েছিল পাকিস্তানের ক্রিকেটই। সেবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পুরো ঘটনা তদন্তের দায়িত্ব দিয়েছিল উচ্চ আদালতের বিচারপতি মালিক মোহাম্মদ কাইয়ুমকে। ‘কাইয়ুম কমিশন’ নামে গঠিত সেই কমিটি বিভিন্ন পাকিস্তানি ক্রিকেটারকে বিভিন্ন মেয়াদে শাস্তির সুপারিশও করেছিল।আরেকটা গড়াপেটার কেলেঙ্কারিতে পাকিস্তানের ক্রিকেট যখন হকচকিত, মালিক মোহাম্মদ কাইয়ুম বলছেন, সে সময় তাঁর সুপারিশগুলো বাস্তবায়ন করলে আজ এই পরিস্থিতি হতো না। ১৯৯৮ সালে ম্যাচ গড়াপেটার তদন্তে নিয়োজিত কাইয়ুম বলছেন, তাঁর সুপারিশগুলোকে অনেকাংশেই পাশ কাটিয়ে গিয়েছিল পিসিবি। এখন পাকিস্তান দলের কোচ ওয়াকার ইউনুস, সহকারী কোচ ইজাজ আহমেদের দিকে ইঙ্গিত করে কাইয়ুম বলেছেন, ‘আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বলেছিলাম, খেলোয়াড়দের কড়া নজরদারির মধ্যে রাখতে হবে। সঙ্গে বেশ কিছু খেলোয়াড়কে ভবিষ্যতে দলীয় কোনো দায়িত্ব না দেওয়ার সুপারিশ করেছিলাম। কিন্তু তাদেরই কেউ কেউ এখন দলের কোচিংয়ের সঙ্গে জড়িত।’কাইয়ুম কমিশন ২০০০ সালে তাঁর রিপোর্ট জমা দেওয়ার পর সেলিম মালিক ও আতাউর রহমানকে আজীবন নিষিদ্ধ করা হয় এবং ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, সাঈদ আনোয়ার, মুশতাক আহমেদ, ইনজামাম-উল হক, আকরাম রাজাদের জরিমানা করা হয়। এই শাস্তিকে কখনোই যথেষ্ট বলে মনে করেননি কাইয়ুম। শুধু যে কাইয়ুম কমিশনের সুপারিশ অনুযায়ী যথেষ্ট শাস্তি দেওয়া হয়নি, তা-ই নয়। কমিশনের সুপারিশ উপেক্ষা করে কিছুদিন পরই আবার অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল ওয়াসিম আকরামের হাতে।তাঁর দীর্ঘ পরিশ্রম পিসিবি এমনভাবে জলে ফেলে দেওয়ায় স্বভাবতই ক্ষুব্ধ হওয়ার কথা কাইয়ুমের, ‘দীর্ঘ দুই বছর ধরে কাজটা করেছিলাম। ৫২ জনের মতো খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেছিলাম। যারা প্রায় সবাই স্বীকার করেছিল ক্রিকেটে ম্যাচ গড়াপেটা ব্যাপারটা আছে।’সেলিম মালিকের অধিনায়কত্বের সময় পাকিস্তানের দুই খেলোয়াড় রশিদ লতিফ ও বাসিত আলী ম্যাচ পাতানোর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অকাল অবসর নিয়ে ফেলেছিলেন। সর্বশেষ কেলেঙ্কারির পর বাসিতও আক্ষেপ করে বলছেন, ‘ঘটনা হলো, কর্তৃপক্ষ কখনোই মনেপ্রাণে দুর্নীতিকে সমূলে উৎখাত করতে চায়নি। নব্বইয়ের দশকে যারা ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ছিল, যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও তাদের বিপক্ষে কোনো ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। উল্টো সত্যি কথা বলায় আমাদের ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।’সাবেক অধিনায়ক আমির সোহেলও এখন যা হচ্ছে, সেটিকে নব্বই দশকে ওই ঘটনার জের বলে মনে করছেন। বাসিতের সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে আগ্রহী খেলোয়াড়দের পুরস্কৃত করা দূরে থাক, সমর্থন পর্যন্ত করেনি বোর্ড। ওয়েবসাইট।