বিচারের মুখোমুখি রিবেরি-বেনজেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতে হাজির হতে হচ্ছে ফ্রাঙ্ক রিবেরি ও করিম বেনজেমাকে। তাঁদের বিপক্ষে অভিযোগটা যথেষ্ট গুরুতর। এ দুই তারকাই অর্থের বিনিময়ে একজন অপ্রাপ্ত বয়স্ক বালিকার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন।ফ্রান্সের এ দুই তারকা ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ, ২০০৮ ও ২০০৯ সালে তাঁরা ১৬ বছর বয়সী এক বালিকাকে অর্থের লোভ দেখিয়ে শারীরিক সম্পর্কে মিলিত হয়েছিলেন। রিবেরি ২০০৮ সালে এবং করিম বেনজেমা ২০০৯ সালে ওই বালিকার সঙ্গে শারীরিকভাবে মিলিত হয়েছিলেন।এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা আন্দ্রে ড্যানোট ১০ আগস্ট জানিয়েছেন, এ মামলায় রিবেরি ও বেনজেমাকে অবশ্যই নিজেদের নির্দোষ প্রমাণ করতে হবে। তিনি ওই সময় এ দুই ফুটবলারকে আদালতে হাজির করার বিষয়টি জানালেও কোনো নির্দিষ্ট তারিখের কথা বলেননি।২০১০ সালের বিশ্বকাপের আগে এই কেলেঙ্কারি চাউর হয়ে যায়। ওই সময় রিবেরি ও বেনজেমার আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়েছিল, মেয়েটি যে অপ্রাপ্ত বয়স্ক, সেটা তাঁদের মক্কেলরা জানতেন না।করিম বেনজেমার আইনজীবী সিলভেইন করমিয়ার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তাঁর মক্কেল বেনজেমা এ বিষয়ে সম্পূর্ণ নির্দোষ। খুব শিগগির আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে তিনি তাঁর অবস্থার ব্যাখ্যা করবেন।রয়টার্স অবশ্য ফ্রাঙ্ক রিবেরির আইনজীবীর মন্তব্য প্রকাশ করেনি।রিবেরি ও বেনজেমার বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হলে ফ্রান্সের আইন অনুযায়ী তাঁদের তিন বছরের কারাদণ্ড মাথা পেতে নিতে হবে। এ ছাড়া আর্থিক দণ্ড দিতে হবে প্রায় ৪৫ হাজার ইউরো।এদিকে, ফ্রান্স আজ রাতে লে হাভরেতে উরুগুয়ের বিপক্ষে এক প্রীতি ম্যাচে মাঠে নামবে। এই ম্যাচে ফ্রাঙ্ক রিবেরি ও করিম বেনজেমা দুজনেরই খেলার কথা। উরুগুয়ের বিপক্ষে এ ম্যাচটিতে প্রথমবারের মতো ফ্রান্স নতুন কোচ দিদিয়ের দেশমের অধীনে খেলতে নামছে। কোচ দিদিয়ের দেশম রিবেরি ও বেনজেমার বিপক্ষে আনীত অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন, ‘ওটা আদালতের ব্যাপার। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে ফ্রান্স দলের ফুটবলার হিসেবে আমি তাদের কাছে যা চাই, এসব বিষয় তাতে কোনো প্রভাব ফেলবে না।’