গত মাসেই অগাস্টা মাস্টার্সের গলফ কোর্সে সবচেয়ে সুখী দম্পতির মতো দেখা গিয়েছিল দুজনকে। ক্লাব হাতে যখন টাইগার উডস, পেছনে পেছনে সদা হাস্য লিন্ডসে ভন। সঙ্গে ছিল উডসের আগের পক্ষের দুই সন্তানও। সুখী একটা পরিবারের পরিষ্কার ছবিই ফুটে উঠেছিল। কিন্তু মাস খানেক পরই ছাড়াছাড়ি হয়ে গেল দুজনের। সম্পর্কচ্ছেদের খবরটি গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিয়েছেন ভন, ‘প্রায় তিন বছর একত্রে থাকার পর টাইগার এবং আমি পারস্পরিক সমঝোতায় বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি।’ কারণও জানিয়েছেন ওই পোস্টে, ‘দুর্ভাগ্যবশত আমাদের দুজনেরই ব্যস্ত জীবন, যার কারণে বেশির ভাগ সময়ই দূরে দূরে থাকতে হয়।’ তবে উডসের প্রতি ভনের শ্রদ্ধাবোধটা অটুটই থাকছে, ‘টাইগারের প্রতি ভক্তি ও শ্রদ্ধা সব সময়ই থাকবে আমার। সে এবং তার সুন্দর পরিবার আমার মনে স্থায়ী জায়গা করে নিয়েছে।’ উডসের মুখেও ভনের স্তুতি, ‘ভনের প্রতি আমার অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। আমাদের একসঙ্গে থাকার সময়টা রোমন্থনের স্মৃতি হয়ে থাকবে।’ ফক্স স্পোর্টস।