প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসময় তাঁরা দুজন ছিলেন ‘মেড ফর ইচ আদার’। কিন্তু আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে। বলা হচ্ছে মারিও বালোতেল্লি আর তাঁর সাবেক প্রেমিকা সুপার মডেল ফ্যানি নেগুয়েশার কথা। কিন্তু কেন এই বিচ্ছেদ? বেলজিয়ান তরুণী নেগুয়েশা অবশেষে মুখ খুললেন এটি নিয়ে। তাঁর ভাষায় বালোতেল্লি ‘ঈর্ষাপরায়ণ’, ‘কর্তৃত্বপরায়ণ’, বান্ধবীকে অন্য কারও সঙ্গে মিশতে দিতে চাইতেন না। এমনকি অন্য কেউ নেগুয়েশার দিকে তাকালেও নাকি রেগে যেতেন লিভারপুল স্ট্রাইকার। জোর করে নেগুয়েশার মডেলিং ছাড়াতে চেয়েছিলেন, বলেছিলেন নাচ আর গানও ছেড়ে দিতে! কিন্তু সেসব ছাড়া সম্ভব ছিল না বলেই বালোতেল্লিকে ছেড়ে দিয়েছেন নেগুয়েশা, ‘এতটা তো মেনে নেওয়া যায় না৷ আমিও আমার ক্যারিয়ার গড়তে চাই৷ ওর আংটিও আমি ফেরত দিয়ে দিয়েছি৷ ওর খারাপ লেগেছে৷ কিন্তু আমার কিছু করার ছিল না৷’ ডেইলি মেইল।