বিজয়-পূজারার নতুন রেকর্ড
অসি বোলারদের নাকানি-চুবানি খাইয়ে গতকাল হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিনের প্রায় পুরো সময়টাই উইকেটে ছিলেন মুরলি বিজয় ও চেতেশ্বর পূজারা। ১০৯.৪ ওভার ব্যাটিংয়ে অনন্য কীর্তি এই জুটির। ৩৭০ রানের জুটি গড়ে ভারতকে দ্বিতীয় টেস্টে এনে দিয়েছেন পরিস্কার আধিপত্য। দারুণ এই জুটি কেবল হায়দরাবাদ টেস্টে ভারতকে চালকের আসনেই বসায়নি, পরিসংখ্যান বইয়ের একটি পাতায় কাঁটা-ছেড়া করতেও বাধ্য করেছেন পরিসংখ্যানবিদদের। মুরলি বিজয়-চেতেশ্বর পূজারা জুটির ৩৭০ রান এখন দ্বিতীয় উইকেটে ভারতের পক্ষে সর্বোচ্চ। ১৯৭৮ সালে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুনীল গাভাস্কার ও দিলীপ ভেংসরকারের অবিচ্ছিন্ন ৩৪৪ রান ছিল এর আগে ভারতের পক্ষে সর্বোচ্চ। আর টেস্ট ক্রিকেটে দ্বিতীয় উইকেট জুটিতে এই জুটির স্থান ষষ্ঠ। হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ২৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বীরেন্দর শেবাগের উইকেট হারিয়েছিল ভারত। এরপরই মুরলি বিজয় ও চেতেশ্বর পূজারার মধ্যে গড়ে ওঠে ৩৭০ রানের জুটি। ব্যক্তিগত ১৬৭ রানে ম্যাক্সওয়েলের বলে প্যাভিলিয়নে ফিরেছেন মুরলি, ২০৪ রান করে প্যাটিনসনের বলে ডোহার্টির ক্যাচে পরিণত হয়েছেন পূজারা। নতুন করে শুরু করেছেন শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি।