জাতীয় পুরুষ হ্যান্ডবল মানেই বিজিবি। এবারও ব্যতিক্রম কিছু হয়নি। কাল পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে পুলিশ দলকে ৩৫-২৯ গোলে হারিয়ে এক্সিম ব্যাংক ২৫তম জাতীয় হ্যান্ডবলের শিরোপা যথারীতি নিজেদের ঘরেই রেখে দিল দলটি। ১৯৮৪ সালে এই প্রতিযোগিতা শুরুর পর থেকে শুধু ১৯৮৮ সালে একবার বিমানবাহিনী চ্যাম্পিয়ন হয়েছিল। ওই একটা মৌসুম বাদ দিলে ২৫ বারের মধ্যে ২৪ বারই চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। এবার নিয়ে জিতল টানা ২০ বার।
হ্যান্ডবলে বিজিবির এই ঐতিহ্য ধরে রাখতে পারার মূল রহস্য সারা বছর অনুশীলন। অন্য দলগুলো এই সুবিধা পায় না। সেটা মনে করিয়ে দিয়ে বিজিবির কোচ মোজাম্মেল হোসেন দলের জয়োৎসবের ফাঁকে বললেন, ‘হ্যান্ডবলের প্রতি সব সময় বিশেষ যত্নবান থাকেন বিজেবির শীর্ষ কর্মকর্তারা। ভালো প্রস্তুতির সঙ্গে প্রণোদনাও আছে খেলোয়াড়দের জন্য। এসবই আসলে চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে দেয় বিজিবিকে।’
পুলিশ দল অনেক চেষ্টা করেও টলাতে পারছে না বিজিবিকে। এবার নিয়ে টানা ১১ বার তারা ফাইনালে বিজেবির কাছে হেরে রানার্সআপ হয়েছে। চট্টগ্রামকে হারিয়ে তৃতীয় আনসার, প্রতিযোগিতার সেরা খেলোয়াড় চ্যাম্পিয়ন দলের ইমদাদুল হক।