বিজিবির ২৫, তাঁদের ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মীর খায়রুজ্জামান ও কামরুল ইসলাম l প্রথম আলো
মীর খায়রুজ্জামান ও কামরুল ইসলাম l প্রথম আলো

জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির রাজত্বে এবারও কেউ হানা দিতে পারেনি। প্রতিযোগিতার ২৬ আসরে ২৫ বারই চ্যাম্পিয়ন বিজিবি। শুধু একবারই রোল অব অনারে চ্যাম্পিয়নের ঘরে বিজিবির নাম নেই। সেখানে বাংলাদেশ বিমানবাহিনীর নাম। সেটিও সেই ১৯৮৮ সালে, পঞ্চম জাতীয় প্রতিযোগিতায়।
চ্যাম্পিয়ন হওয়াটা বিজিবির অভ্যাস। কিন্তু গতকাল পল্টন হ্যান্ডবল স্টেিডয়ামে ফাইনাল জিতে দলটির উৎসব দেখে মনে হচ্ছিল এই প্রথম বুঝি তারা শিরোপা জিতল! আসল ঘটনা, সম্প্রতি বিজয় দিবস টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ পুলিশের কাছে হেরে যায় বিজিবি। তাই ২৬তম জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই পুলিশকে ৩১-২২ গোলে হারিয়ে প্রতিশোধ নিতে পারাতেই এই উৎসব।
অধিনায়ক মীর খাইরুজ্জামান ও কামরুল ইসলামের আনন্দটা আবার একটু বেশিই। ১৯৯৫ সাল থেকে তাঁরা একসঙ্গে বিজিবিতে আছেন। ২১ বছরে এই দুজন ১৬ বার জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলে ১৬ বারই চ্যাম্পিয়ন!
একসঙ্গে ১৬ বছর ধরে দুজন খেলছেন জাতীয় দলে। ২০১০ থেকে বিজিবির অধিনায়ক খাইরুজ্জামান ২০১০ থেকে জাতীয় দলেরও অধিনায়ক। কামরুল জাতীয় দলের অধিনায়ক ছিলেন দুবার। দেশের সেরা দুই হ্যান্ডবল খেলোয়াড় একসঙ্গে থাকেন, ঘুমান। খাইরুজ্জামান ফাঁস করেন তাঁদের টানা খেলে আসার রহস্যটা, ‘আমাদের আসলে বাজে কোনো অভ্যাস নেই। আমরা নিয়ম মেনে চলি। আর কঠোর পরিশ্রম করি।’
দুজনের প্রথম দেখা ১৯৯৫ সালে বান্দরবানে বিজিবির ট্রেনিং সেন্টারে। খেলোয়াড় কোটায় ভর্তি হয়ে খাইরুজ্জামান আসেন যশোর থেকে, কামরুল খুলনা থেকে। ‘সেই থেকে বিজিবি ও বাংলাদেশের হ্যান্ডবলের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছি আমরা’—দলের উৎসবের ফাঁকে বলে যান কামরুল ইসলাম।
পাশে দাঁড়ানো খাইরুজ্জামানও খুব খুশি। এবার নিয়ে পাঁচবার সেরা খেলোয়াড় হয়েছেন জাতীয় প্রতিযোগিতায়। বিজিবির এই জুনিয়র অফিসার উচ্ছ্বাসভরে বলছিলেন, ‘পুলিশ দলের চ্যালেঞ্জ পেরিয়ে চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে পেরেই আসলে এত ভালো লাগছে!’ এই খেলোয়াড়দের দাপটের কাছে হেরে পুলিশ দল চ্যাম্পিয়ন হতে পারছে না জাতীয় প্রতিযোগিতায়। টানা ১২ বার রানার্সআপ পুলিশ, সব মিলিয়ে ১৬ বার!