বিজেএমসি ফুটবল দল বাঁচিয়ে রাখার চেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১০ দলের প্রিমিয়ার ফুটবল লিগে বিজেএমসি এখন ছয়ে। মাঠের ফল মোটামুটি। তবে বিজেএমসি ফুটবল দল আদৌ থাকবে কি না, সেই সংশয় এখন অনেকেরই। সাবেক ফুটবলার আরিফ খান (জয়) বিজেএমসি পরিচালক হওয়ার পরই আসলে ২৭-২৮ বছর পর বিজেএমসি ফুটবল দল গড়ে। সেই আরিফ খান ক্রীড়া উপমন্ত্রী হয়ে বিজেএমসির পরিচালক পদ ছাড়ার পর দলটা আবার মাঠের বাইরে অনিশ্চতায় পড়ে গেছে।
কয়েক দিন ধরেই ওপরের মহলে দৌড়ঝাঁপ করছেন আরিফ খানেরই সহোদর টিম বিজেএমসির অধিনায়ক অমিত খান (শুভ্র)। ইতিবাচক সাড়াও নাকি পাচ্ছেন। অমিত কাল জানালেন, ‘আমরা সব ফুটবলার পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সঙ্গে দেখা করে সহায়তার আশ্বাস পেয়েছি। বিজেএমসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও আগ্রহী।’ এই দৌড়ঝাঁপের পুরস্কার হিসেবে অমিত খান নাকি বিজেএমসির পরিচালক পদে নিয়োগ পেতে পারেন।