বিজেএমসিতে আমিনুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন দলে নাম লেখাচ্ছেন গোলরক্ষক আমিনুল। ঘরোয়া ফুটবলে এবার তাঁর ঠিকানা বিজেএমসি। গত দুই মৌসুম ছিলেন শেখ জামাল ধানমন্ডিতে। এই দলটির নতুন পথচলায় আমিনুল ছিলেন অন্যতম পথনির্দেশক। তবে ক্লাব সভাপতির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে আমিনুল শেখ জামাল ছেড়েছেন। আমিনুল কাল জানিয়েছেন, ‘বিজেএমসির সঙ্গে মোটামুটি কথা পাকা হয়েছে। কাল (আজ) হয়তো আনুষ্ঠানিকতা শেষ হবে।’ আমিনুলকে চেয়েছিল মুক্তিযোদ্ধাও। কিন্তু ক্লাবটি হঠাৎ করে একটু এলোমেলো হয়ে পড়েছে। তাই আর এগোতে পারেনি। অন্য দু-একটা দলও আমিনুলকে নিতে চেয়ে পরে পিছিয়ে গেছে। কারণ, তাঁর আর্থিক চাহিদা মেটানোর সামর্থ্য অনেকেরই নেই। অবশেষে আমিনুলের নতুন ঠিকানা হলো বিজেএমসি। বিজেএমসির পরিচালক আরিফ খান (জয়) কাল বললেন, ‘আমিনুল ভালো গোলরক্ষক। তাঁকে পাওয়া মানে আমার দলের শক্তি অনেক বেড়ে যাবে।’