বিজেএমসির আনন্দ-বিকেল
শেষ বাঁশি শোনার অপেক্ষা। শেলেটক্ ১-০ গোলে এগিয়ে। গোলটি ধরে রাখতে পারলেই তারা চ্যাম্পিয়ন। আর চার দলের ওয়ালটন প্রথম মহিলা করপোরেট লিগে রানার্সআপ হয়েই খুশি থাকতে হবে বিজেএমসিকে। কিন্তু শেষ মিনিটই উপহার দিল চরম নাটকীয়তা। আগের তিন ম্যাচে ১৭ গোল করা বিজেএমসির স্ট্রাইকার সাবিনা খাতুন গোল দিলেন, ম্যাচ ১-১। তারপর টাইব্রেকারে বিজেএমসির জয়। এবার ত্রাতা গোলরক্ষক সাবিনা আক্তার।জিততে জিততে ড্র। শেলেটকের মেয়েরা সম্ভবত মানসিক শক্তি হারিয়ে ফেলেন এতে। টাইব্রেকারে প্রথম চার শটেই তাই গোল করতে পারেননি তৃষ্ণা, নুবাই, অম্রা চিং এবং সুইনুপ্রু। প্রথম শট বাইরে, পরের তিনটিই আটকিয়েছেন সাবিনা। স্পট কিকে সাবিনা ও শারমিন গোল করে জিতিয়ে দেন বিজেএমসিকে।কদিন আগে বিজেএমসির ছেলেদের দল ফেডারেশন কাপের ফাইনালে হেরেছে শেখ জামালের কাছে। সেই দুঃখ কিছুটা ঘোচালেন মেয়েরা। জয়ের পর তাই আরও উচ্ছ্বসিত তাঁরা। উল্টো দিকে শেলেটক্ শিবিরটা ছিল শোকাচ্ছন্ন। এতটাই যে, লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া ফারহানা কথাই বলতে পারছিলেন না। ৪৪ মিনিটে এই ডিফেন্ডারের গোলেই প্রথম এগিয়ে গিয়েছিল শেলেটক্।বিজেএমসির কোচ মংক্র মারমা দারুণ তৃপ্ত, ‘ভাগ্য আমাদের সাহায্য করেছে। এই জয় মেয়েদের আরও অনেক এগিয়ে নেবে।’ বিজেএমসির কোচ গোলাম রব্বানীর কণ্ঠে ঝরল আক্ষেপ, ‘তীরে এসে এভাবে তরী ডুববে ভাবিনি!’আগামী মাসে মেয়েদের স্কুল ফুটবল শুরু হওয়ার কথা। বাফুফের মহিলা কমিটির প্রধান সিরাজুল ইসলাম দিলেন আরও বড় খবর, ‘মুম্বাইয়ের একটা একাডেমির সঙ্গে চুক্তি করেছি আমরা। সেখানে আমাদের মেয়েদের প্রশিক্ষণের জন্য পাঠাব।’