বিজেএমসির গোল-উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরামবাগের তরুণ কোচ জাহিদুর রহমান ম্যাচের পর স্তম্ভিত। বিব্রত। কর্মকর্তারা মাথা নিচু করে বাড়ির দিকে হাঁটা দিয়েছেন। খেলোয়াড়েরা লজ্জিত। মুখ লুকোনোর জায়গা নেই!বিজেএমসির সামনে পাড়ার দলের মতো পাঁচ গোল হজম। একসময়ের ‘জায়ান্ট কিলার’ আরামবাগ সামপ্রতিক সময়ে প্রায়ই অসহায় আত্মসমর্পণ করছে। আবাহনী ও মুক্তিযোদ্ধার কাছে ৪ গোল করে খাওয়ার পর এই দলই শেখ জামালকে হারিয়েছিল ৩-০ গোলে। সেই আরামবাগ কাল বিজেএমসির সামনে উড়ে গেল খড়কুটোর মতো (৫-০)। মাঠে একেবারেই এলোমেলো ছিল আরামবাগ। নিজেরা আক্রমণাত্মক খেলতে গিয়ে পাল্টা-আক্রমণের সময় আর নিচে নামতে পারেনি। এতে রক্ষণে তৈরি হয়েছে বিশাল ফাঁক। অন্যদিকে শেষ দুটি ম্যাচ ড্র করা বিজেএমসি জয়ে ফিরতে ব্যগ্র হয়ে ছিল। অধিনায়ক আলফাজকে ছাড়াই এদিন বিজেএমসি খেলল তাদের সেরা ফুটবল।আরামবাগের প্রথম দুই গোলরক্ষক মাঠের বাইরে। তৃতীয় গোলরক্ষক শাওন চাপের কাছে হার মেনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি। গোটা দলটাকেই দেখাচ্ছিল ছন্নছাড়া। দ্বিতীয়ার্ধের শুরু থেকে মনে হচ্ছিল ম্যাচটা শেষ হলেই বাঁচে আরামবাগ। সেই সুযোগে আক্রমণের ঢেউ তুলেছে বিজেএমসি। গোলসংখ্যা আরও বেশি হতে পারত। পরশু রহমতঞ্জের বিপক্ষে মোহামেডানের ৪-০ জয় ছিল এবারের লিগে সবচেয়ে বড় জয়। কাল বিজেএমসির সেই রেকর্ডটা নিল নিজেদের দখলে। এই জয়ে নাইজেরিয়ান মিডফিল্ডার রশিদের ছিল বাড়তি ভূমিকা। পারিবারিক কারণে দেশে যাওয়ায় শেষ তিনটি ম্যাচ খেলতে পারেননি। বিজেএমসির গত দুটি ম্যাচ ড্র করার অন্যতম কারণ রশিদের না থাকা। তিনি ফিরতেই বিজেএমসির মাঝমাঠ ক্ষুরধার। কাল তিনিই খেলিয়েছেন গোটা দলকে। বৃষ্টিতে মাঠটা ছিল ভারী। ছোট ছোট পাসে দারুণভাবে খেলা শুরু করে বিজেএমসি। প্রথম কুড়ি মিনিটেই তিন গোল। ওখানেই ম্যাচটা শেষ। প্রথম গোলটা বিপ্লবের। দ্বিতীয়টি আবদুল্লাহ পারভেজের। পারভেজের বাঁ পায়ের আলাদা একটা ‘খ্যাতি’ আছে। অনেক দিন পর বক্সের ঠিক ওপর থেকে এদিন বাঁ পায়ের দারুণ বাঁকানো শটে গোল পেলেন পারভেজ। তৃতীয় ও চতুর্থ গোল ইসমাইল বাঙ্গুরার। ৮০ মিনিটে ফেলিক্সের গোল দিয়ে শেষ হয় বিজেএমসির গোল-অভিযান।আরামবাগের অপরিকল্পিত এবং বাজে রক্ষণের কারণে বিজেএমসি পেয়ে গেছে সহজ সব গোল। তবে আরামবাগের কোচ জাহিদুরের চোখে বড় পরাজয়ের কারণ অন্য, ‘ভারী মাঠে শুরুতেই টানা তিনটি গোল খেয়ে ফেলেছি আমরা। ওরা মাঠের সঙ্গে মানিয়ে খেলতে পেরেছে। আমরা পারিনি।’৮ ম্যাচে তিন জয়। ১৩ পয়েন্ট নিয়ে বিজেএমসি এখন তৃতীয় স্থানে। তাদের ওপরে আছে ২০ পয়েন্ট পাওয়া আবাহনী (৮ ম্যাচ) ও মুক্তিযোদ্ধা (৯ ম্যাচ)। ৮ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে আরামবাগ অষ্টম স্থানে।