বিজেএমসির জয়
বঙ্গবন্ধু স্টেডিয়ামে আরামবাগকে কাল ২-০ গোলে হারাল বিজেএমসি। দুই দলই এই ম্যাচ দিয়ে শেষ করল বাংলাদেশ লিগের প্রথম পর্ব। আট ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে বিজেএমসি ষষ্ঠ স্থানে।আট ম্যাচে আরামবাগের পয়েন্ট মাত্র ৩। অবনমনের চোখরাঙানি ভালোই দেখছে মতিঝিল ক্লাবপাড়ার দলটি। তৃতীয় ম্যাচে ফেনী সকারকে হারানোর পর এটি তাদের টানা পঞ্চম হার। খাদে পড়ে যাওয়া অন্য দুই দল ব্রাদার্স ও ফেনী সকারেরও ৩ পয়েন্ট, তবে তারা ম্যাচ খেলেছে সাতটি করে। বিজেএমসি কাল জিতল প্রতি-আক্রমণনির্ভর ফুটবল খেলে। ২৮ মিনিটে ডান প্রান্ত থেকে তকলিছের মাপা ক্রসে হেনরি চিন্দো দারুণ হেডে প্রথম গোল করেন। এরপর গোল শোধের জন্য মরিয়া আরামবাগের বাধা হয়ে দাঁড়ান আমিনুল। দুর্দান্ত তিনটি সেভ করেছেন বিজেএমসির গোলরক্ষক।অতিরিক্ত সময়ে আরামবাগ যখন গোল শোধের জন্য মরিয়া, গোটা দলই উঠে গেছে বিপক্ষ সীমানায়, তখনই পেছন থেকে বল পেয়ে ইসমাইল বাঙ্গুরা প্রায় একক প্রচেষ্টায় করেন বিজেএমসির দ্বিতীয় গোল।আরামবাগ কোচ শাহাদাৎ হোসেন অবশ্য অবনমন এড়ানোর আশা ছাড়েননি, ‘সামনে আরও আটটি ম্যাচ আছে। আশা করি, আমরা টিকে থাকতে পারব।’ আর ভাগ্যের হাত ধরে এখনো শিরোপা জয়ের আশায় বিজেএমসি কোচ জাকারিয়া বাবু, ‘এটা ঠিক, আমরা পিছিয়ে পড়েছি। তবে কখন কী হয় বলা তো যায় না।’আজকের খেলাফেনী সকার-শেখ রাসেল (বেলা ২-৪৫ মি., ফেনী স্টেডিয়াম)