বেন্ড ইট লাইক বেকহাম সিনেমাটা অনেকবার দেখেছেন৷ সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহামের পাঁড় ভক্ত বিজেএমসির মিডফিল্ডার আবদুল্লাহ পারভেজ৷ বেকহামের মতোই ফ্রি-কিক নেওয়ার চেষ্টা করেন৷ এ জন্য বাড়তি অনুশীলনও করেন নিয়মিত৷ প্রিমিয়ার লিগে কাল শেষ মুহূর্তে পারভেজের দুর্দান্ত ফ্রি-কিক থেকে ইসমাইল বাঙ্গুরার গোলেই এ যাত্রা বেঁচে গেল বিজেএমসি৷ না হলে দুর্বল চট্টগ্রাম আবাহনীর সঙ্গে পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়তে হতো তাদের৷ তবে চট্টগ্রাম আবাহনীর মতো শেষ মুহূর্তে ভেঙে পড়েনি ফেনী সকার, মুক্তিযোদ্ধাকে আটকে দিয়েছে ঢাকার বাইরের দলটি৷
৯০ মিনিট গোলের জন্য হন্যে হয়ে ছুটে বিজেএমসি একসময় যেন হালই ছেড়ে দিয়েছিল৷ কিন্তু কোচ আলী আকবর নাসিরের যে ছিল ‘তুরুপের তাস’ আবদুল্লাহ পারভেজ! ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নাসির বললেন, ‘আমি জানতাম আমার হাতে একটা তুরুপের তাস আছে৷ ও যেকোনো সময় গোল এনে দিতে পারে৷’ কোচের আস্থার মর্যাদা রেখেছেন পারভেজ৷ যখন শেষ বাঁশি বাজানোর জন্য হাতঘড়ির দিকে তাকাচ্ছিলেন রেফারি জালালউদ্দিন, তখনই গোল এনে দিয়েছেন৷ যোগ হওয়া সময়ে হঠাৎই বক্সের সামান্য বাইরে বিজেএমসির তপুকে ফেলে দেন চট্টগ্রাম আবাহনীর নজরুল৷ প্রাপ্ত ফ্রি-কিকে পারভেজ বল তুলে দেন বাতাসে৷ মানবদেয়ালের ওপর দিয়ে উড়ে যাওয়া বলে মাথা ছুঁয়ে গোলটি করেন বাঙ্গুরা৷ মিনিট খানেক পরই খেলা শেষ৷
এর আগে অবশ্য কয়েকবার গোলের সুযোগ পেয়েছিল চট্টগ্রাম আবাহনীও৷ জাভেদ খান বাঁ প্রান্ত দিয়ে বেশ কয়েকবার আক্রমণে উঠলেও গোলের দেখা পাননি৷ ম্যাচ শেষে সহকারী কোচ আবু তাহের বললেন, ‘আমাদের প্রয়োজন ভালো বিদেশি খেলোয়াড়৷ অন্তত বাঙ্গুরার মতো একজন হলেও চলত৷ বিদেশিরাই ম্যাচের পার্থক্য গড়ে দিচ্ছে৷’ এই জয়ে বিজেএমসি ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এল৷ ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতেই চট্টগ্রাম আবাহনী৷
মুক্তিযোদ্ধা-সকার ড্র: চোট আর কার্ডের খাঁড়ায় এনামুল, উত্তম, আমিনুল, কিংসলে, জিলানীর মতো সেরা পাঁচ খেলোয়াড়কে বাইরে রেখে কাল একাদশ গড়েছিলেন মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক৷ এই দল নিয়েই মুক্তিযোদ্ধা এগিয়ে যাচ্ছিল৷ ৩১ মিনিটে জটলা থেকে অপ্রত্যাশিতভাবে গোল পেয়ে যায় তারা, আগবুলু ইনালেগুর পিঠে লেগে যে বল ঢোকে জালে (১-০)! কিন্তু ছয় মিনিট পরই গোলটা শোধ করেন ফেনী সকারের রিদন (১-১)৷ এই ড্রয়ে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে উঠল মুক্তিযোদ্ধা৷ সমান ম্যাচে ৪ পয়েন্টে ফেনী সকার নয়ে৷