বিজেএমসির মেয়েরাই সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র এক মাসের অনুশীলন করেই জাতীয় মহিলা হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়ে গেল বিজেএমসি। পেনাল্টি নিতে গিয়ে হাতে আঘাত পাওয়া অধিনায়ক খালেদা সুলতানার চোখে-মুখে তাই খুশির রোশনাই। হাতে বরফের প্রলেপ দিতে দিতে বললেন, ‘আনসারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দটাই অন্য রকম।’ পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল ফাইনালে বিজেএমসি ২৭-২০ পয়েন্টে হারাল আনসারকে। টানা দ্বিতীয়বারের মতো আনসারকে হারিয়ে ধরে রাখল শিরোপা। সব মিলিয়ে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হলো বিজেএমসি। খেলার প্রথমার্ধ ছিল বেশ উত্তেজনাপূর্ণ। এই বিজেএমসি এগিয়ে যায় তো, পরক্ষণেই আনসার। প্রথমার্ধ শেষে ১২-১০ গোলে এগিয়ে ছিল আনসারই। দ্বিতীয়ার্ধে সেই অগ্রগামিতা আর ধরে রাখতে পারেনি তারা। শেষ হাসি হেসেছে বিজেএমসি। সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দলের শাহিদা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।