বিজেএমসির ‘মিশন টাঙ্গাইল’
বাংলাদেশ লিগের নতুন দল বিজেএমসি টাঙ্গাইলকে তাদের হোম ভেন্যু করতে চায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে আগে অবশ্য হোম ভেন্যু হিসেবে খুলনার কথা বলেছিল দলটি। তবে কাল বিজেএমসির পরিচালক জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ খান (জয়) জানিয়েছেন নতুন তথ্য, ‘খুলনার পরিবর্তে এখন সিদ্ধান্ত পাল্টে আমরা টাঙ্গাইলে যেতে চাই। এ ব্যাপারে শিগগিরই বাফুফেকে চিঠি দেব।’বাংলাদেশ লিগের ভেন্যু এখন মাত্র দুটি—ঢাকা আর ফেনী। চট্টগ্রামের দুটি দল বিদায় নিয়েছে। খুলনা আবাহনী, নারায়ণগঞ্জ শুকতারা, সিলেট বিয়ানীবাজারেরও একই পরিণতি। বাংলাদেশ লিগটা তাই ঢাকাকেন্দ্রিক হয়ে উঠেছে। বিজেএমসি ঢাকার বাইরে ভেন্যু করলে লিগটা একটু ছড়াবে, বিকেন্দ্রীকরণ হবে। আরিফ খান বলছিলেন, ‘খুলনায় বিজেএমসির অনেক মিল আছে। প্রাথমিকভাবে সে জন্য খুলনাকে বেছে নিই। এখন আমাদের মন্ত্রী মহোদয় (পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী) চাইছেন ভেন্যুটা যেন টাঙ্গাইল স্টেডিয়াম হয়।’পাটমন্ত্রীর বাড়ি টাঙ্গাইলে। সেখানে ফুটবলে দর্শক-সমাগম বেশ ভালো। ঢাকা থেকে যাতায়াতও তুলনামূলক সুবিধাজনক। ‘ওখানে কাছাকাছি যমুনা রিসোর্ট আছে, সরকারি নিয়মে অল্প খরচে থাকা-খাওয়ার ব্যবস্থা করা যাবে। তা ছাড়া ওই অঞ্চলের ফুটবলে একটা ইতিবাচক প্রভাবও পড়বে। টাঙ্গাইলে ভেন্যু চাওয়ার এটাও একটা কারণ’—বলেছেন আরিফ খান।আশির দশকের পর ফুটবলে আবার ‘অভিষেকের’ অপেক্ষায় তৈরি হচ্ছে বিজেএমসি। যদিও বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তরে না খেলে সরাসরি মূল পর্বে তাদের সুযোগ পাওয়ায় বাফুফের সভায় প্রশ্ন উঠেছে। লিগ কমিটি প্রথমে দ্বিতীয় স্তরেই রেখেছিল বিজেএমসিকে, কিন্তু তাতে রাজি না হয়ে মূল পর্বেই সুযোগ আদায় করে নিয়েছে দলটি।যেভাবেই হোক, বিজেএমসির ফেরাটা ফুটবলের জন্য শুভ ইঙ্গিত বলেই ধরা হচ্ছে। তবে জৌলুসময় হচ্ছে না বিজেএমসির পুনরাগমন। মধ্যম সারির একটা দল গড়তে পারছে বিজেএমসি। তবে ভালো বিদেশি খেলোয়াড় আনতে পারলে শিরোপা লড়াইয়ে থাকাটা অসম্ভবও হবে না। যদিও এবার বাংলাদেশ লিগে বিদেশি খেলোয়াড়ের কোটা পাঁচ থেকে কমে তিন হয়ে যাচ্ছে।আরিফ খানের কথা অনুযায়ী, তাঁর দলের সম্ভাব্য খেলোয়াড় তালিকায় গোলরক্ষক আবাহনীর সোহেল, মুক্তিযোদ্ধার নেহাল ও ফরাশগঞ্জের তারেক। স্টপার ব্রাদার্সের আশরাফুল, ফরাশগঞ্জের সানি, মোহামেডানের রমজান এবং শেখ জামালের সঙ্গে কথা বলা শুভ্রকে সমঝোতার ভিত্তিতে নিতে চায় বিজেএমসি। রাইট ব্যাক মোহামেডানের আরাফাত রনি, আরামবাগের মনু। লেফট ব্যাক আরামবাগের খান শরিফ, মুক্তিযোদ্ধার রাসেল আনসারী। তাদের মাঝমাঠে দেখা যাবে শেখ রাসেলের শাহেদ, জালাল, ফরাশগঞ্জের খোকন দাস, আবাহনীর আবুল, আবদুল্লাহ পারভেজ, মোহামেডানের রনি ইসলাম, ভিক্টোরিয়ার রাজীব, ইয়ংমেন্সের রবিন, মুক্তিযোদ্ধার সাইফুল, ফরাশগঞ্জের শ্যামলকে। দুই স্ট্রাইকার আলফাজ ও বিপ্লব। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় আবাহনী ছাড়ছেন আলফাজ। আবাহনীর তরুণ খেলোয়াড় বিপ্লব অবশ্য সেভাবে পরিচিত নন।দলের ম্যানেজার হিসেবে থাকছেন আরিফ খান নিজেই। জানালেন, ‘আমরা যুবদল করব, যেটি হবে আমাদের মূল দলের ব্যাকআপ।’দলটার কোচিং পরামর্শক হচ্ছেন ওয়াজেদ গাজী। কোচ জাকারিয়া বাবু (‘এ’ লাইসেন্সধারী)। বিদেশি কোচের খোঁজও চলছে। গতকালই ব্রাজিলিয়ান একজন কোচের জীবনবৃত্তান্ত পেয়েছে টিম ম্যানেজমেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠের ডরমেটরিতে আবাসিক ক্যাম্প করার চিন্তাভাবনা চলছে বিজেএমসির।প্রতিষ্ঠিত দলগুলোর সঙ্গে কতটা পাল্লা দিতে পারবে বিজেএমসি—সময়ই বলবে। তবে দল গড়ার পাশাপাশি বিজেএমসি ঢাকার বাইরে ভেন্যু নিলে সেটি ফুটবলকে বাড়তি কিছুই দেবে।