বিজয় দিবস হকিতে টাইব্রেকার-বিভ্রাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ব্যাংক বিজয় দিবস হকির প্রথম সেমিফাইনাল শেষ হয়েছিল ২-২ গোলে। শেষ বাঁশির পর ২-২ করল জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের নিয়ে গড়া মুক্তবিহঙ্গ। ঠিক তার আগে পাওয়া পেনাল্টি কর্নার কাজে লাগায় দলটি। সরাসরি টাইব্রেকারের প্রথম পাঁচ শটে ৪-৪। এরপর প্রচলিত সাডেন ডেথে প্রথম শটে ১-১। পরের শটে মুক্তবিহঙ্গ মিস করার পর নিজেরা গোল করে ‘জিতে গেছি’ ধরে নিয়ে উল্লাস শুরু করে বিকেএসপির তরুণেরা। এর পরই নাটকীয়তা। সাডেন ডেথ নয়, আবার পাঁচটি করে শট মারতে হবে! বাংলাদেশের হকিতে নিয়মটি প্রয়োগ হলো প্রথম। বিভ্রান্তির মধ্যে দ্বিতীয় পাঁচ শটে ৪-৪। তৃতীয় পাঁচ শটের চারটিতে ৩-১ হওয়ায় জয়ী মুক্তবিহঙ্গ। সব মিলিয়ে স্কোরলাইন ১৩-১১! বিকেএসপির কোচ কাওসার আলীর বিস্ময়, ‘সাডেন ডেথে আম্পায়ার আমাদের জয়ী ঘোষণা করে। কিন্ত হঠাৎ প্রতাপ দা (প্রতাপ শংকর হাজরা) এসে বললেন, সাডেন ডেথ নাকি এখন আর নেই। আবার পাঁচটি করে শট নিতে হবে। এই নিয়ম নাকি চালু করেছে আন্তর্জাতিক হকি ফেডারেশন। অথচ আমরা জানব না বা টুর্নামেন্টের বাইলজে সেটা রাখা হবে না! আমরা লিখিত অভিযোগ দেব ফেডারেশনকে। আন্তর্জাতিক হকি ফেডারেশনের কাছেও জানতে চাইব বিষয়টা নিয়ে।’ যাই হোক, নাটকীয় ম্যাচ জিতে মুক্তবিহঙ্গ আজ বেলা তিনটায় শুরু ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বর্তমান জাতীয় দলের মোড়কে খেলা সোনালী ব্যাংককে। কাল দ্বিতীয় সেমিফাইনালে ব্যাংক দল ৫-১ গোলে হারিয়েছে সেনাবাহিনীকে।