বিজয়-পূজারায় পিষ্ট অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকেই চকচকে রোদ। সময়ের সঙ্গে বেড়েছে রোদের তেজ। খোলা গ্যালারিতে ঘেমেনেয়ে একাকার। তবে তাতে খুব একটা বিচলিত মনে হলো না কাউকেই। ছুটির দিনে রাজীব গান্ধী স্টেডিয়ামের ২৮ হাজার দর্শক শেষ বিকেল পর্যন্ত মেতে রইল নাচ-গান আর মেক্সিকান ওয়েভে। গ্যালারি ভরা দর্শককে উল্লাসে মাতিয়ে অস্ট্রেলিয়াকে পিষ্ট করলেন চেতেশ্বর পূজারা ও মুরালি বিজয়। সেঞ্চুরি করেছেন দুজনই, পূজারা ছাড়িয়ে গেছেন দেড় শ। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটির রান তিন শ ছুঁই-ছুঁই (২৯৪)। ৯ উইকেট হাতে নিয়ে লিড ৭৪ রানের। হায়দরাবাদ টেস্টের ভাগ্য বুঝি নির্ধারিত দ্বিতীয় দিনেই!টেস্ট ক্রিকেটে পুরোনো একটি প্রবাদবাক্য এমন—প্রথম সেশন বোলারদের দাও, পরের দুই সেশন নিয়ে নাও। কাল শুরুতে সিডল-প্যাটিনসন গতি আর নিখুঁত লাইন-লেংথে বেঁধে ফেলেছিলেন ভারতীয় ব্যাটসম্যানদের। সফলতাও এসেছে সাতসকালে। সিডলের অফ স্টাম্পঘেঁষা একটু বাড়তি লাফানো আউটসুইঙ্গারে কট বিহাইন্ড শেবাগ, চশমা চোখে ব্যর্থ টানা তৃতীয় ইনিংসে।বিজয়-পূজারার মাটি কামড়ানো প্রতিজ্ঞায় প্রথম সেশনে ২৫ ওভারে ওঠে মাত্র ৪৯ রান। তবে পরের দুই সেশনে সহজ হয়ে আসা উইকেটে পুরোনো হওয়া বলে সিডল-প্যাটিনসনকেও মলিন লেগেছে। ধারহীন বাকি বোলারদের পিটিয়ে দ্বিতীয় সেশনে ৩৩ ওভারে বিজয়-পূজারা তুলেছেন ১০৬। শেষ সেশনের ৩০ ওভারে ১৫১! দ্বিতীয় নতুন বলও ভালো কিছু দিতে পারেনি অস্ট্রেলিয়াকে।বিজয় আলাদা কৃতিত্ব পাচ্ছেন সহজাত আক্রমণাত্মক প্রবৃত্তি দমিয়ে রেখে লম্বা এক ইনিংস খেলায়। ডোহার্টিকে লং অফ গ্যালারিতে পাঠিয়ে ফিফটি ছুঁয়েছিলেন ১৪১ বলে, ডোহার্টিকেই চার মেরে সেঞ্চুরি ২৪৫ বলে। ১১ টেস্টে চতুর্থ সেঞ্চুরি ছুঁয়েছেন পূজারা ১৮৮ বলে। সেখান থেকে পরের পঞ্চাশ মাত্র ৪২ বলে! আজ দিন শুরু করবেন দ্বিতীয় ডাবল সেঞ্চুরির স্বপ্ন চোখে এঁকে। ঝুলি থেকে চোখ ধাঁধানো সব শট যতই বের করেছেন পূজারা-বিজয়, অস্ট্রেলিয়ার দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে আরও। সীমিত ওভারের ক্রিকেটে হয়তো সম্ভাবনাময় অলরাউন্ডার, তাই বলে এখনই ম্যাক্সওয়েলের টেস্ট অভিষেক! স্বীকৃত সেরা স্পিনার লায়ন বাদ এক টেস্টের ব্যর্থতায়? ওয়েবসাইট, স্টার ক্রিকেট।