বিজয়-শিখরে পিষ্ট অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিষেক টেস্টের প্রথম দিনটা কেটেছে মাঠে নামার অপেক্ষায়। দ্বিতীয় দিনের পুরোটা কেটেছে ফিল্ডিংয়ে ঘাম ঝরিয়ে। শিখর ধাওয়ানের অনেক প্রতীক্ষার অভিষেকটা পূর্ণতা পেল তৃতীয় দিনে এসে। নিজের যে মূল পরিচয় সেই ব্যাটসম্যান ধাওয়ানই কাল প্রথমবারের মতো ক্রিজে দাঁড়ালেন ব্যাট হাতে। আর এসেই জয় করে নিলেন শত কোটি ভারতীয়কে। অভিষেকেই দুর্দান্ত এক সেঞ্চুরি করে হিমালয়ের শিখরগুলোর মতোই জ্বলজ্বল করছেন শিখর ধাওয়ান। সঙ্গী মুরালি বিজয়কে নিয়ে দলকে এনে দিয়েছেন ২৮৩ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে উদ্বোধনী জুটিতে নতুন ভারতীয় রেকর্ড গড়ে এখনো অবিচ্ছিন্ন এই জুটি। ইতিহাসের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে অভিষেকে ডাবল সেঞ্চুরির প্রতীক্ষাতেই কালকের রাতটা পার করেছেন ২৭ বছর বয়সী ধাওয়ান। মাত্র ৮৫ বলেই সেঞ্চুরি, অভিষেকে দ্রুততম সেঞ্চুরি করে ধাওয়ান ভেঙেছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথের ৯২ বলের রেকর্ডকে। ২০০৪ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয়েছিল স্মিথের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের উদ্বোধনী জুটিতে আগের রেকর্ড ছিল ১৯৭৯ সালে চেতন চৌহান ও সুনীল গাভাস্কারের ১৯২ রান। ধাওয়ান ধামাকার আগে অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডারও দেখিয়েছে চমক। আগের দিন ২৭৩ রান তুলতেই ৭ উইকেট হারানো অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়েছে ৪০৮ রানে। অষ্টম উইকেটে ৯৭ রান করেছেন দ্বিতীয় দিন শেষে অপরাজিত দুই ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ক। ৯২ রান করে স্মিথের বিদায়ের পর নাথান লায়নের সঙ্গে স্টার্কের ৫১ রানের জুটি, যাতে লায়নের অবদান মাত্র পাঁচ। টেস্ট তো বটেই, যেকোনো স্বীকৃত ক্রিকেটেই স্টার্ক নিজের প্রথম সেঞ্চুরিটা যখন পেয়ে যাচ্ছেন বলে মনে হচ্ছিল, তখনই আউট। ৯৯ রানে ইশান্ত শর্মার বলটাকে তুলে দিলেন মহেন্দ্র সিং ধোনির হাতে। স্টার্ক তো সেঞ্চুরি হারালেনই, বাড়ালেন ৯ নম্বর অস্ট্রেলীয় ব্যাটসম্যানের সেঞ্চুরির জন্য প্রতীক্ষাও। সেই ১৯৪৬-৪৭ মৌসুমে সর্বশেষ রে লিন্ডওয়াল নয়ে নেমে সেঞ্চুরি করেছিলেন, তারপর নয়ে নেমে অস্ট্রেলিয়ার আর কেউ সেঞ্চুরি পেলেন না। স্টার্কের পেয়ে হারানোর বেদনাটা দিন শেষে বেড়েছে হয়তো কয়েক গুণ। ধাওয়ান-বিজয় জুটির ব্যাটিংয়ে ৪০৮ রানকেও এখন মনে হচ্ছে ছেলেখেলা। আর স্টার্কদের বেধড়ক পিটিয়েই তো ওভারপ্রতি প্রায় ৫ করে রান তুলেছেন ধাওয়ান-বিজয়। ধাওয়ানের অবিশ্বাস্য ব্যাটিংয়ের কাছে ধূসর মনে হওয়াটাই স্বাভাবিক। তবে মুরালি বিজয় নিজের কাজটা ঠিকই করে গেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দ্বিতীয় ও ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে তামিলনাড়ুর এই ব্যাটসম্যান। প্রথম সেশনের দুর্দান্ত শুরুটা দ্বিতীয় দিনের শেষে হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। কালও হলো তাই। স্মিথ-স্টার্কদের পার্শ্বচরিত্র বানিয়ে সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন শিখর ধাওয়ান। তথ্যসূত্র: ওয়েবসাইট, স্টার ক্রিকেট।