বিজয়ীদের দেশে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারাকানায় সেদিন গোলটা করেছিলেন মারিও গোটশে (বাঁয়ে), ক্রস ছিল আন্দ্রে শুরলের। বার্লিনের ব্রান্ডেনবুর্গে কাল বিশ্বকাপজয়ী জার্মান দলের সংবর্ধনা অনুষ্ঠানে ট্রফি হাতে ফাইনালের সেই দুই নায়ক l রয়টার্স
মারাকানায় সেদিন গোলটা করেছিলেন মারিও গোটশে (বাঁয়ে), ক্রস ছিল আন্দ্রে শুরলের। বার্লিনের ব্রান্ডেনবুর্গে কাল বিশ্বকাপজয়ী জার্মান দলের সংবর্ধনা অনুষ্ঠানে ট্রফি হাতে ফাইনালের সেই দুই নায়ক l রয়টার্স

জনসমুদ্র ফুঁড়ে খেলোয়াড়েরা একে একে উঠে গেলেন কার্পেটে মোড়ানো বিশাল মঞ্চে। এরপর অধিনায়ক ফিলিপ লাম উঁচিয়ে ধরলেন বিশ্ব চ্যাম্পিয়নের স্মারক স্বপ্নের সোনার ট্রফিটি। কাল বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেটে জনতার গর্জন বেড়ে গেল কয়েক গুণ। কোচ জোয়াকিম
লোর ‘আমরা সবাই বিশ্ব চ্যাম্পিয়ন’ ঘোষণায় তা আকাশ ছুঁল! যে দৃশ্য দেখে অধিনায়ক লাম বললেন, ‘কী অসাধারণ দৃশ্য এটা! সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’
দর্শকদের বাঁধভাঙা উল্লাসে কোচ-খেলোয়াড়েরা অভিভূত। বিশ্বকাপজয়ী নায়কদের কাছ থেকে দেখে, তাঁদের মুখের কথা শুনে অভিভূত সমর্থকেরাও। ৩৪ বছর বয়সী বাসচালক বার্ন্ড হেসের কথা, ‘এ রকম বিশেষ দৃশ্য আপনি প্রতিদিনই দেখতে পাবেন না।’ একটি বিজ্ঞাপনী সংস্থার নির্বাহী ২৮ বছর বয়সী লিদিয়া লাম্পা এসেছিলেন তাঁর ছেলেবন্ধুকে নিয়ে। তিনি এতটাই উদ্বেলিত, কথাই বলতে পারছিলেন না, ‘এ অবস্থায় আমি কেবল আপনাকে ধন্যবাদই জানাতে পারি।’
উলরিখ ফেলগেনট্রেফের জন্ম ১৯৫৪ সালে, জার্মানি সেবার প্রথম বিশ্বকাপ জিতেছিল। এ নিয়ে তিনবার দলকে বিশ্বকাপ জিতলে দেখলেন। পরিবারের সবাইকে নিয়ে ব্রান্ডেনবুর্গ তোরণে আসা ৬০ বছর বয়সী এই ভদ্রলোকের কথা, ‘সবাই খুব গর্বিত’। দলকে এই প্রথম বিশ্বকাপ জিততে দেখা ১৮ বছর বয়সী সভেন এনজেল হয়ে গেলেন বিশ্লেষক, ‘জার্মানির এই শিরোপা প্রাপ্য। অন্য দলগুলোর চেয়ে তারা অনেক বেশি শক্তিশালী ছিল।’
যে দেশে এই অসাধারণ অর্জন, সেই ব্রাজিলের প্রতি কৃতজ্ঞতা না জানালে চলে? বার্লিনগামী বিমানে চড়েই তাই লুকাস পোডলস্কির টুইট, ‘ব্রাজিল, আমি কখনোই তোমাকে ভুলব না। আমরা এখন অধীর অপেক্ষায় আছি বার্লিনে আমাদের সমর্থকদের দেখতে!’ জার্মান ফুটবল ফেডারেশনও অভিনন্দন জানিয়েছে ব্রাজিলকে, ‘বিদায় রিও, এই বিস্ময়কর স্মৃতির জন্য ধন্যবাদ।’
পূর্ব-পশ্চিম দুই জার্মানি একত্র হওয়ার পর বার্লিনের ব্রান্ডেনবুর্গ তোরণে বেশ কয়েকবারই ফুটবল উৎসব করেছে জার্মানরা। ২০০৬ বিশ্বকাপে তৃতীয় হওয়ার পর হয়েছে, ২০০৮ ইউরোতে রানার্সআপ হওয়ার পর হয়েছে। ১৯৯৬ সালে হয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা উদ্যাপনের উৎসবও। তবে আগের সব ছাপিয়ে ব্রান্ডেনবুর্গ তোরণে সবচেয়ে বড় পার্টিটা হলো গতকালই। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার বিজয়োল্লাস বলে কথা!
এর আগেও তিনবার বিশ্বকাপ জিতেছে বটে। তবে সেই তিনবারই পশ্চিম জার্মানি নামে। দুই জার্মানি একত্র হওয়ার পর শুধু ‘জার্মান’ পতাকাতলে বিশ্বকাপ জয় এই প্রথম। উদ্যাপনটাও হলো তেমনই। বিজয়ী বীরেরা আসছেন, সংবাদ পেয়ে কাকডাকা ভোরেই জাতীয় পতাকা-ব্যানার নিয়ে ট্যাগেল বিমানবন্দর লোকে লোকারণ্য। তাঁদের আসার কথা ছিল সকাল পৌনে আটটায়। কিন্তু বিশ্বজয়ী বীরদের বয়ে আনা ‘বিশ্ব চ্যাম্পিয়ন’ লেখা বিমানটি ট্যাগেল বিমানবন্দরে নামল সকাল সোয়া নয়টায়। দেশের মাটিতে পা রেখেই মেসুত ওজিলের টুইট, ‘বিশ্ব চ্যাম্পিয়নদের দেশে ফিরেছি।’ এএফপি, গোলডটকম।