বিজয়ের দিনে ক্রিকেট উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধূসর মরা ঘাসের মাঠে চলছে ধুলা ওড়ানো ক্রিকেট। বোলার রানআপে ফিরে যেতে যেতে বাতাসে ভাসা ধুলার পর্দা যখন একটু হালকা হয়ে আসে, জীবন্ত হয় কিছু মুখ। কিছু তারকার ছবি। অনেক দিন পর যেন প্রাণ ফিরে পেল মাঠটা!ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম হয়তো আর কয় বছরের মধ্যেই পেয়ে যাবে মুলতানের ওল্ড ফোর্ট স্টেডিয়ামের মতো ‘পুরাকীর্তি’র মর্যাদা। ঢাকা ঘুরতে আসা ক্রিকেট পর্যটককে এ মাঠ দেখিয়ে স্থানীয় কোনো প্রৌঢ় বলবেন, ‘এখানেও একসময় ক্রিকেট খেলা হতো...।’ খেলা যে এখন একেবারেই হয় না, তা নয়। এ বছরও প্রথম বিভাগ ক্রিকেটের ভেন্যুর তালিকায় আছে মাঠটা। তবে সেটা হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রের বিছানায় শুয়ে থাকা রোগীর কার্ডিয়াক মনিটরে ক্রমেই সরল হতে থাকা রেখায় বেঁচে থাকার মতোই। জীবনযুদ্ধে যেন হেরেই যাচ্ছে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম।উৎসবের বিজয় দিবস ক্রিকেট কাল এই নিথর হতে থাকা দেহটিকে একটু ঝাঁকুনি দিল। ধূসর ক্যানভাস লাল-সবুজ হয়ে উঠল শহীদ মুশতাক একাদশ ও শহীদ জুয়েল একাদশের মধ্যকার ঐতিহ্যবাহী প্রীতি ম্যাচে। মাঠের বাইরেও ছড়িয়ে থাকল অনেক আলো। বিসিবির কর্মকর্তা গাজী আশরাফ হোসেন, আহমেদ সাজ্জাদুল আলম, নাঈমুর রহমান, খালেদ মাহমুদদের সঙ্গে বসে সস্ত্রীক খেলা দেখলেন প্রধান অতিথি রকিবুল হাসান। ছিলেন নির্বাচক আকরাম খান, মিনহাজুল আবেদীন, হাবিবুল বাশার এবং সাবেক অধিনায়ক খালেদ মাসুদও। ছোট্ট রঙিন শামিয়ানার নিচে একসঙ্গে এত তারার মেলা দেখে দর্শকেরা খেলায় মনোযোগ দিতে পারল কমই। মাঠের চেয়ে মাঠের বাইরেই দৃষ্টি ঘুরল বেশি।কংক্রিটে বন্দী ঢাকার মানুষ উৎসবের সামান্য উপলক্ষকেও হারাতে চায় না। বিজয় দিবস উপলক্ষে কলাবাগান মাঠে আয়োজিত ঘুড়ি উৎসব যেমন আকাশে ওড়ার আগেই দর্শক টানতে শুরু করল, কাছের ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট আর ক্রিকেটাররাও আকৃষ্ট করলেন অনেককে। দর্শকদের গায়ের লাল-সবুজ পোশাক, মাথায় বেঁধে রাখা ফিতায় উৎকীর্ণ বিজয় দিবসের ঘোষণা। তবে ক্রিকেট অনিয়মিত হয়ে পড়ার পার্শ্বপ্রতিক্রিয়াও বোধ হয় খুঁজে পাওয়া গেল ধানমন্ডি স্টেডিয়ামে। বছর পাঁচেক আগেও ঢাকার ক্রিকেটের বেশির ভাগ খেলোয়াড় এ মাঠের দর্শকদের কাছে পরিচিত মুখ ছিলেন। অথচ কাল জাতীয় দলে খেলা মোশাররফ হোসেনকে (রুবেল) দেখে ড্রেসিংরুমের সামনে ভিড় করা একজন সঙ্গীর কাছে জানতে চাইলেন, ‘এই খেলোয়াড়টা কে রে?’ উত্তর এল, ‘শাহাদাত রাজীব।’প্রীতি ম্যাচে জয়-পরাজয় গৌণ। বিজয়ের উৎসবে শামিল হওয়াটাই আসল ব্যাপার। ক্রিকেটারদের কাছে এর বাইরেও বিজয় দিবস ক্রিকেটের একটা তাৎপর্য আছে। মাঠের বাইরে দাঁড়ানো মেহরাব হোসেন জুনিয়র নইলে কেন আক্ষেপ করবেন এ ম্যাচ না খেলতে পেরে? ‘বেশির ভাগ খেলোয়াড় ম্যাচটা খেলে ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য। আমিও এর আগে দুবার খেলেছি বিজয় দিবস ক্রিকেট। এবার খেলতে না পেরে খারাপই লাগছে’—বলছিলেন মেহরাব।এদিক দিয়ে শাহরিয়ার নাফীসের জন্য এবারের ১৬ ডিসেম্বর অনেক বেশি রঙিন। জুয়েল একাদশের হয়ে কাল ৪০ ওভারের ম্যাচে শুধু খেলেনইনি, অপরাজিত থেকেছেন ১০৭ রান করে। সঙ্গে জুনায়েদের ৪৪ মিলে ৬ উইকেটে শহীদ জুয়েল একাদশ করেছে ২২৯ রান। অবশ্য এনামুল হকের (বিজয়) ৯৫ ও মমিনুল হকের ৪৪ রানের সৌজন্যে ৩৫.৫ ওভারেই ওই রান টপকে ৪ উইকেটে ম্যাচ জিতেছে শহীদ মুশতাক একাদশ। তার পরও ম্যান অব দ্য ম্যাচ শাহরিয়ারই।খেলা শেষে শহীদ জুয়েলের তিন বোনের উপস্থিতিতে হলো পুরস্কার বিতরণ। সেখানে প্রধান চরিত্রে প্রধান অতিথি রকিবুল হাসান, যিনি সকালবেলা মাঠে এসেই ঘোষণা দিয়েছিলেন বিশেষ সম্মানিত বোধ করার, ‘বোর্ডে ক্রিকেটাররা আছেন বলেই আজ (গতকাল) আমি এখানে প্রধান অতিথি হয়ে এলাম। তাঁদের ধন্যবাদ যে তাঁরা একজন ক্রিকেটারকে এই সম্মান দিলেন।’রকিবুলের অজান্তেই হয়তো দেশের ক্রিকেটের চলমান রাজনীতির মৃদু গন্ধ চলে এল। তবে বিজয়ের দিনে বিজয়ের আবেশেই হারিয়ে গেছে সেটা।