বিটিভির রসিকতা!
‘ভাইয়া, আমরা কি টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে পারব না?’—খেলা শুরু হতেই সারা দেশ থেকে প্রথম আলো অফিসে এমন অজস্র টেলিফোন এসেছে দর্শকদের। শ্রীলঙ্কায় শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের প্রচার-স্বত্ব পেয়েছে শুধুই বাংলাদেশ টেলিভিশন। কিন্তু সারা দেশে অনেক জায়গায় বিটিভি দেখা যাচ্ছে না। কেব্ল অপারেটরদের কাছে অভিযোগ করেও কোনো কাজ হচ্ছে না। শেষমেশ পত্রিকার কাছে অনুযোগ জানাচ্ছেন দর্শকেরা।বিটিভি ছাড়াও স্টার ক্রিকেট সরাসরি সম্প্রচার করছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু সেই ব্যবস্থাও বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের অনেক জায়গায় স্টার ক্রিকেট চ্যানেলটি খুঁজে পাওয়া যাচ্ছে না। বিটিভিকে রাষ্ট্রীয়, ধর্মীয় ও বিভিন্ন রাজনৈতিক দায়িত্বও পালন করতে হয়। বিভিন্ন সময় ম্যাচ সম্প্রচার বন্ধ রেখে খবর বা অন্যকিছু দেখায়। তবে এবার ছোট একটি বক্সে টিভিপর্দার এক কোনায় দেখানো হচ্ছে খেলা। কিন্তু এতে কি দর্শকের ক্রিকেট-তৃষ্ণা মেটে। ১২০ বলের খেলা—২০-২৫ মিনিট সম্প্রচার বন্ধ থাকলে তো আসল রোমাঞ্চই শেষ হয়ে যেতে পারে। এসব বিষয়ে কথা বলতে বিটিভির মহাপরিচালক ম. হামিদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে কথা বলার চেষ্টা করেও কথা বলা যায়নি, তিনি সংযোগ বারবার কেটে দিয়েছেন। বাংলাদেশ কেব্ল অপারেটরস অ্যাসোসিয়েশনের (কোয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার পারভেজ বলেছেন, ‘বিটিভি থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে খেলার জন্য শুধু বিটিভিই দেখাতে হবে।’