বিতর্ক আর গুঞ্জনে জেরবার বার্সেলোনা

ইনজুরির কারণে মাঠের বাইরেই থাকতে হচ্ছে লিওনেল মেসিকে। তার পরও আলোচনার অন্ত নেই আর্জেন্টাইন এই তারকাকে নিয়ে। বার্সেলোনার সহসভাপতির বিরুদ্ধে প্রকাশ্য বক্তব্য দিয়ে নিজেই বিতর্কে জড়িয়েছেন এ সময়ের সেরা খেলোয়াড়। তাঁর ব্রাজিলিয়ান সতীর্থ নেইমারের ট্রান্সফার ফি-সংক্রান্ত বিতর্কেও জড়িয়েছে বার্সেলোনা। কম ট্যাক্স দেওয়ার অভিযোগে ইউরোপীয় ইউনিয়নও তদন্ত শুরু করতে যাচ্ছে বার্সেলোনার বিরুদ্ধে। মাঠের লড়াইয়ের বাইরে এসব বিতর্কেই এখন জেরবার ন্যু ক্যাম্প।
বড়দিনের আগে লা লিগার শেষ ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা। আজ রাতে গেটাফের বিপক্ষে জিততে পারলে গত মৌসুম মিলিয়ে লিগের টানা ৫৪ রাউন্ড ধরে শীর্ষে থাকার নতুন রেকর্ড গড়বে কাতালানরা। আর ড্র বা হারের মুখ দেখলে আপাতত পাকা হয়ে যাবে দ্বিতীয় স্থানটিই। আগের রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের জয়ে ২ নম্বরে নেমে আসা দলটি যখন মেসি-নেইমারকে ছাড়াই আজ মাঠে নামতে চলেছে, সেই কঠিন সময়ে মাঠের বাইরে অনাহূত অতিথির মতো একগাদা বিতর্কের ময়লা-আবর্জনা যেন নষ্ট করছে বার্সার সাজানো বাগান।
মেসি নাকি বেতন বাড়ানোর জন্য বার্সা কর্তৃপক্ষকে চাপ দিচ্ছেন, এমন একটা গুজব থেকেই ডালপালা মেলেছে বিতর্কটা। মেসি এমন অভিযোগ অস্বীকার করলেও বার্সার সহসভাপতি বলেছিলেন, দফায় দফায় বেতন বাড়ানোর ঘোরবিরোধী তিনি। এর জবাবে রীতিমতো ফেটে পড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ক্লাবের অন্যতম প্রধান কর্মকর্তা হাভিয়ের ফসের সমালোচনা করেছেন কড়া ভাষায়। এসবের পর মেসি আর বার্সেলোনায় থাকবেন কি না, এমন কথাবার্তাও বলতে শুরু করেছেন কেউ কেউ। বার্সেলোনার সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদটা অবশ্য আছে ২০১৮ সাল পর্যন্ত।
গুঞ্জন এত দূর গড়িয়েছিল যে খোদ মেসির বাবা হোর্হে মেসিকে বিবৃতি দিতে হয়েছে এ নিয়ে। মেসি সিনিয়র অবশ্য শোনা কথাটাই আবার বলেছেন, মেসির বার্সা ছাড়ার প্রশ্নই ওঠে না।
শুধু মেসিই নন, বার্সেলোনার আরেক তারকা নেইমারকে জড়িয়েও তৈরি হয়েছে বিতর্ক। এবারের মৌসুমের শুরুতে তাঁকে দলে ভেড়ানোর সময় চুক্তির টাকা নয়-ছয় হয়েছে বলে অভিযোগ উঠেছে। নেইমারের সঙ্গে চুক্তির কাগজপত্র আদালতে দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে বার্সেলোনাকে। স্প্যানিশ আদালতের অভিযোগ, নেইমারকে দলে ভেড়ানোর জন্য ৫৭ মিলিয়ন ডলার খরচের কথা বলা হলেও তার চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় করেছে কাতালান ক্লাবটি।
শুধু এটুকুই নয়, সম্প্রতি আরও বড় পরিসরের বিতর্কের মধ্যে জড়িয়েছে বার্সেলোনা। স্পেনের বেশ কয়েকটি ক্লাবকে কম ট্যাক্স দিতে হয় এবং তারা এটার সুবিধা পায়, এই অভিযোগ এনে তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই অভিযোগের বিরুদ্ধে লড়াইয়ে অবশ্য বার্সেলোনা পাশে পাবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিক বিলবাওসহ আরও কয়েকটি ক্লাবকে। স্পেনের সরকারও ইউরোপীয় ইউনিয়নের এই অভিযোগের বিরোধিতা করেছে জোরগলায়। তার পরও কিছুটা চাপ তো নিতেই হবে বার্সেলোনা কর্তৃপক্ষকে।
এরই মধ্যে বার্সা সমর্থকদের আরও চিন্তায় ফেলে দেওয়ার মতো খবরও প্রকাশিত হয়েছে আর্জেন্টিনায়। কোচ টাটা মার্টিনো নাকি ন্যু ক্যাম্পে মোটেই সুখী সময় কাটাতে পারছেন না। আর এবারের মৌসুমের শেষে নাকি ছেড়েও দিতে পারেন বার্সেলোনার কোচের দায়িত্ব।
মাঠের পারফরম্যান্সে অবশ্য এখনো পড়েনি এই অভ্যন্তরীণ ঝামেলাগুলোর প্রভাব। কিন্তু ইউরোপের অন্যতম সেরা এই ক্লাবটির সময়টা যে খুব একটা ভালোও কাটছে না, সেটা সহজেই অনুমান করা যায়। গোলরক্ষক ভিক্টর ভালদেস যেমনটা বলেছেন, ‘মনে হচ্ছে বার্সেলোনার বিরুদ্ধে কাজ করার জন্য সব ধরনের কলাকৌশলই ব্যবহার করা হচ্ছে।’