বিশ্বসেরা ফুটবলারের মুকুটটা নিয়ে তাঁদের লড়াই৷ ব্রাজিল বিশ্বকাপে যেটির ঝাঁজ আরও বাড়বে৷ ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির রোমাঞ্চকর উত্থান ও সাফল্যের গল্প নিয়ে ধারাবাহিক প্রতিবেদন: ছয়
বিতর্ক এড়িয়ে এগিয়ে চলা

ফুটবল ও ব্যক্তিগত জীবনে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েন ক্রিস্টিয়ানো রোনালদো৷ ইংলিশ সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা৷ এমনকি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তাঁর সম্ভাব্য বিদায়ের গুজবও ছড়ায়৷
২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় পর্তুগাল-ইংল্যান্ড৷ সেই ম্যাচে ক্লাব ফুটবলের সতীর্থদের অনেকের বিরুদ্ধে খেলতে হয় েরানালদোকে৷ তাঁদের মধ্যে ইংল্যান্ডের তারকা খেলোয়াড় ওয়েইন রুনিও ছিলেন৷ পর্তুগাল-ইংল্যান্ড ম্যাচের একপর্যায়ে রুনিকে লাল কার্ড দেখান রেফারি হোরেসিও এলিজোন্দো। এ ঘটনায় রোনালদোর উসকানি ছিল বলে অভিযোগ করে ইংলিশ সংবাদমাধ্যম৷ রুনি-রোনালদোর বন্ধুত্বে টানাপোড়েন চলছে বলেও নানা রকম গুঞ্জন শুরু হয়৷ ওই কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেয় ইংল্যান্ড৷ আর পর্তুগালও সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হেরে চতুর্থ হয় বিশ্বকাপে। রুনি নিজে অবশ্য লাল কার্ড দেখার ওই ঘটনা নিয়ে রোনালদোর বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলেননি। রোনালদো এক সাক্ষাৎকারে বলেন, ‘আমাকে এবং আমার সতীর্থ ও বন্ধু রুনিকে নিয়ে যা বলা হচ্ছে, তা এক কথায় অবিশ্বাস্য। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। ব্যক্তিগত কোনো দ্বন্দ্বও নেই। যা ঘটে গেছে, তা এখন অতীত। এটা কোনো ব্যাপার নয়, জীবন এগিয়ে চলে।’
কঠিন পরিস্থিতিতে হয় দুর্দশায় নিমজ্জিত হতে হয় অথবা নিজের সমস্ত শক্তি দিয়ে লড়াই চালিয়ে যেতে হয়। রোনালদোর দ্বিতীয়টিই পছন্দ। ২০০৬ বিশ্বকাপের পর সব সমালোচনা, হুমকি ও নিন্দা উপেক্ষা করেই তিনি ইংল্যান্ডে ফিরে যান এবং ইউনাইটেডের হয়ে ভালো খেলার পাশাপাশি নিজের চারিত্রিক দৃঢ়তার পরিচয় দেন। আত্মজীবনী মোমেন্টস-এ তিনি লিখেছেন, ‘চাপ আমাকে আরও শক্তিশালী করে তোলে।’
ইউনাইটেডের কোচ অ্যালেক্স ফার্গুসন বরাবরের মতোই অনুপ্রাণিত করেন রোনালদোকে, ‘নিজের প্রতিভার প্রমাণ দেখিয়ে তুমি সবার মুখ বন্ধ করে দিতে পার। কখনোই ভয় পাওয়া উচিত নয়, তোমার সাহসিকতা দেখিয়ে দাও।’
তাঁর খেলার ধরন আগের তুলনায় আরও পরিণত হয়। সব মিলিয়ে মৌসুমটা মন্দ কাটেনি। ইংলিশ প্রিমিয়ার লিগে ২০০৭-০৮ েমৗসুমের শিরোপা জেতে ইউনাইটেড। পর্তুগিজ পতাকায় আবৃত রোনালদো সেই ট্রফি তুলে ধরেন। সেই উদ্যাপনে তাঁর সঙ্গী হন মা দোলোরেস, ভাই হুগো ও ঘনিষ্ঠ বন্ধুরা।
ইংলিশ ফুটবলের দুই পরাশক্তি চেলসি ও ইউনাইটেড ২০০৮ সালের ২১ মে মস্কোয় চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ম্যাচটি ছিল ২-২। অতিরিক্ত সময় পেরিয়ে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন রোনালদো। অন্যান্যদের সাফল্যে সেই যাত্রায় উৎরে যায় ইউনাইটেড। তিনি বলেন, ‘সুযোগটি হাতছাড়া করে ভেবেছিলাম, আমরা হারতে যাচ্ছি। কিন্তু আমার ভুল সত্ত্বেও সতীর্থরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল। হারগ্রিভস, নানি ও গিগসকে ধন্যবাদ, তারা সবাই গোল করেছিল। আর ভ্যান ডার সারকেও ধন্যবাদ, সে প্রতিপক্ষের নিকোলা আনেলকার শটটি রুখে দিয়েছিল। অবশেষে, এটি আমার জীবনের সবচেয়ে সুখের দিনে পরিণত হয়। পেনাল্টি কিক অনেকটা লটারির মতো। তবু তো আমরা ১২০ মিনিট ভালো খেলেছি। জয়টা তাই আমাদেরই প্রাপ্য ছিল।’
মৌসুমে মোট ৪২টি গোল করেন রোনালদো। প্রিমিয়ার লিগে ৩১টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হন। ২০০৮ সালের ১২ জানুয়ারি হ্যাটট্রিক করেন নিউক্যাসলের বিপক্ষে। তাঁকে িনয়ে দ্য গার্ডিয়ান লিখল, ‘সে এখন আক্রমণভাগের সবচেয়ে বিধ্বংসী খেলোয়াড়। এ কথা কেউ অস্বীকার করতে পারবে না।’
দ্বিমত করেনি কেউ।
সূত্র: প্রথম আলোয় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন, একাধিক ওয়েবসাইট এবং লুকা কাইয়োলির বই রোনালদো।