বিতর্ক এড়িয়ে গেলেন ধোনি
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সাধারণত অধিনায়কের আসাটাই ক্রিকেটীয় রেওয়াজ। মহেন্দ্র সিং ধোনি এলেন না। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে তাঁর পরিবর্তে সাংবাদিকদের মুখোমুখি শিখর ধাওয়ান। ভারত অধিনায়ক কেন আসেননি, সেটা বুঝতে কারও দেরি হওয়ার কথা নয়। ধাওয়ানের সঙ্গে আসা দলের কর্মকর্তা সংবাদ সম্মেলনের শুরুতেই পরিষ্কার জানিয়ে দিলেন, ম্যাচ ছাড়া অন্য কোনো বিষয়ে প্রশ্ন করা যাবে না। আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে ধোনির নাম জড়িয়ে যাওয়ায় যে শুধু অধিনায়ক নন, ভারত দলও চাপে সেটা বুঝতে আর বেশি কিছু বলার দরকার আছে কি?
শুরুর ওই সতর্কবার্তার পরও অবশ্য সংবাদ সম্মেলনে মাঝপথে হঠাৎই এক সাংবাদিক প্রশ্ন করেছেন, আইপিএল কেলেঙ্কারির প্রতিবেদন প্রকাশের পর ভারতীয় দলের অবস্থা কেমন? সেই প্রশ্নের উত্তর না দিয়ে ধাওয়ান সংবাদ সম্মেলন শেষ করেছেন তড়িঘড়ি।
ধোনি না এলেও তাঁর প্রতিপক্ষ ব্রেন্ডন ম্যাককালাম নিরাশ করেননি সাংবাদিকদের। নিউজিল্যান্ড অধিনায়ক সংবাদ সম্মেলনে এসে আরও একবার ভারত-বধের যাবতীয় পরিকল্পনাও ভাগাভাগি করেছেন। তাঁর কাছ থেকেই জানা গেল, দ্বিতীয় সন্তানের জন্ম উপলক্ষে স্ত্রীর পাশে থাকতে ছুটিতে গেছেন রস টেলর। তাঁর মানে ওয়েলিংটনে আজ অভিষেক হতে পারে টম ল্যাথাম কিংবা জিমি নিশামের। অথবা দুজনেরই।
অভিষেক হলো কার—সেটা অবশ্য এতক্ষণে নিশ্চয়ই জানা হয়ে গেছে পাঠকদের। ওয়েবসাইট।