বিতর্ক চাপা দিয়ে নতুন ইতিহাস

স্পেন ১৯৮২ বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচে পশ্চিম জার্মানি প্রতিবেশী অষ্ট্রিয়াকে হারিয়েছিল। জার্মানির সঙ্গে অষ্ট্রিয়াও গ্রুপ থেকে ওঠে দ্বিতীয় পর্বে, গোল ব্যবধানে। বাদ পড়ে যায় আলজেরিয়া। ম্যাচটি পাতানো ছিল বলেই ধরে নেয় বাকি বিশ্ব। সেই ঘটনার পর থেকেই ফিফা বিশ্বকাপে প্রথম পর্বের শেষ গ্রুপ ম্যাচগুলো একই সময়ে আয়োজনের রেওয়াজ চালু করে।
পরশুও গ্রুপের শেষ ম্যাচে জার্মানি টমাস মুলারের গোলে (১-০) হারাল যুক্তরাষ্ট্রকে। জার্মানি ও যুক্তরাষ্ট্রই একসঙ্গে উঠল দ্বিতীয় রাউন্ডে। মজার ব্যাপার হলো, সেই আলজেরিয়াকেই সামনে পেল জার্মানি। কিন্তু এবার গ্রুপের শেষ ম্যাচ মাঠে কোনো প্রশ্নের জন্ম দেয়নি, যা দিয়েছিল তা খেলার আগে।
ইউরোপের ফুটবল শক্তি সাবেক চ্যাম্পিয়ন স্পেন, ইতালি, ইংল্যান্ড বিশ্বকাপের প্রথম রাউন্ডেই যেভাবে ছিটকে পড়েছে, তাতে জার্মানিকে নিয়েও শঙ্কিত ছিল জার্মানরা! স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় খেলা শুরুর ঘণ্টা খানেক আগে থেকেই তাই সারা জার্মানি দাঁড়ায় থমকে। রাস্তার ধারে, গণচত্বরগুলোতে কালো, লাল ও সোনালি পতাকা হাতে জড়ো হয় আবালবৃদ্ধবনিতা।
ম্যাচটি তো শুধুই জার্মানি বনাম যুক্তরাষ্ট্র ছিল না, ছিল জার্মানি বনাম জার্মানিও। যুক্তরাষ্ট্রের পক্ষে জার্মানিরই ইয়ুর্গেন ক্লিন্সমান, সঙ্গে তাঁর উপদেষ্টা আরেক জার্মান বের্টি ফোটস, ১৯৯৪ বিশ্বকাপে জার্মানির কোচ৷ জার্মানির পক্ষে জোয়াকিম লো, ক্লিন্সমানের সাবেক সহকারী ও বন্ধু। শেষ পর্যন্ত লো-ই জিতলেন। গুরু ক্লিন্সমান হেরেও একটা জায়গায় জয়ী। জার্মানির নতুন ঘরানার এই ফুটবলের গোড়াপত্তন তো তাঁর হাতেই!
জার্মানির কোচ লোয়ের ফুটবল ক্যারিয়ার তাঁর সাবেক বস ক্লিন্সমানের মতো উজ্জ্বল নয় । ক্লিন্সমান ১১ বছর জার্মান জাতীয় দলের হয়ে খেলে ১৯৯০ বিশ্বকাপ, ১৯৯৬ ইউরো জিতেছেন, জার্মান লিগে দুবার, ইংলিশ লিগে একবার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। আছে আরও অনেক কীর্তি।
সাবেক আরও দুই কোচের মতো লো কখনোই জার্মান জাতীয় দলে খেলেননি৷ তবে জার্মান লিগে খেলেছেন, আরও কয়েকটি ইউরোপীয় লিগে কোচ হিসেবে কাজ করেছেন৷ ২০০৪ থেকে ২০০৬ জার্মান দলে কোচ ক্লিন্সমানের সহকারী ছিলেন, ২০০৬ বিশ্বকাপের পর হয়েছেন জার্মানির প্রধান কোচ৷ ৪৯ বছর বয়সী ক্লিন্সমানের চেয়ে চার বছরের ছোট লো৷ দুজনেরই জন্ম জার্মানির বাডেন ভুটেনবুর্গ রাজ্যে, দুজনেই হানেফ ফুটবল প্রশিক্ষক একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন। কিন্তু এদিন মুখোমুখি লড়াইয়ে দেখা গেল গুরুমারা বিদ্যা ভালোই শিখেছেন লো। তাই কি? গুরুরা ছিলেন ডাগআউটে, মাঠে খেলল তো তাঁদের ছাত্ররা। যেখানে জার্মানির সঙ্গে যুক্তরাষ্ট্রের এখনো অনেক ব্যবধান।