বিতর্ক ঢেকে দেওয়া এক জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বড় চাদরটাই দরকার ছিল, যেটিতে লেখা ‘জয়’। এই চাদরই ঢেকে দিতে পারত আগের দুই দিনের বিতর্ক আর ব্যর্থতা। মাঠ থেকে সাফল্যের রঙে রঙিন সেই চাদর গায়ে জড়িয়ে যখন বেরিয়ে আসা গেল, সাকিব আল হাসান আর পেছন ফিরে তাকালেন না। বিতর্কের ‘ফলোআপ’ প্রশ্নে মুচকি হেসে বললেন, ‘নেক্সট কোয়েশ্চান প্লিজ...।’পরাজয়ে দলের মধ্যে নানা ঘুণপোকা আবিষ্কার করা যায়। অন্যকিছুর চেয়ে বড় হয়ে ওঠে পেছনের কার্যকরণ। অন্যদিকে জয় ভুলিয়ে দেয় খেদ আর হতাশা। অন্দরমহল থেকে আসা ফিসফাস-গুঞ্জনগুলোকে সুখী পরিবারের মান-অভিমানের মতোই মনে হয় তখন। সাকিব কাল ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছেন ওই আলোচনাও, ‘ড্রেসিংরুমের অবস্থা কখনোই খারাপ ছিল না। প্রথম ম্যাচ হারার পর সবাই খুব হতাশ ছিল। তবে ড্রেসিংরুমের ভেতরের অবস্থা সব সময়ই ভালো।’এই তো অধিনায়ক! ড্রেসিংরুম থেকে হোটেলের নাশতার টেবিল আর করিডরেও যদি লুকিয়ে রাখার মতো কোনো পরিস্থিতি আসে, সেটা কৌশলে না জানানোও তো অধিনায়কের দায়িত্ব!এক দিন জয়, আরেক দিন পরাজয়—এটাই ক্রিকেট, এটাই খেলা। প্রথম ম্যাচে ৯ রানে হারের পর কাল যেমন ৬ উইকেটে জিতে সিরিজে ফিরল বাংলাদেশ। যে জয় সম্পর্কে অধিনায়ক বলছেন, ‘আজ (গতকাল) অনেক পজিটিভ ক্রিকেট খেলেছি আমরা। সবাই যার যার স্বাভাবিক খেলা খেলেছি।’ স্বাভাবিক খেলার পেছনে কাজ করেছে প্রথম ম্যাচ থেকে পাওয়া শিক্ষা। ‘প্রথম ম্যাচে হারার পর সবাই বুঝতে পেরেছে যে ভালো কিছু করতে গেলে আগে নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করতে হবে। প্রতিপক্ষ যেই হোক, একটু ছাড় দিলেই পেয়ে বসে। সবাই এটা উপলব্ধি করতে পেরেছে বলে মনে হয়।’ এক দিন আগেই অন্য এক প্রসঙ্গে যে সাকিব বলেছিলেন ‘কার মনে কী আছে জানি না’, কাল সেই তিনিই যেন গাইছিলেন, ‘...আমি তোমার মনের ভেতর, একবার ঘুরে আসতে চাই...।’সুখের সময়ে প্রেক্ষাপটে কত গানই না বাজে! কিন্তু জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে দুই ম্যাচ খেলে এক ম্যাচ জিতেই কি এতটা সুখী হওয়া যায়? যায় না। বরং সাকিবের মনে অতৃপ্তি, ‘আমার মনে হয়, জয়টা ৭-৮ উইকেটেরও হতে পারত।’ একই অতৃপ্তি তাঁর জুনায়েদ আর রকিবুলকে নিয়েও, ‘জুনায়েদ আর রকিবুল দুজনই যেহেতু ফিফটি করেছে, তাদেরই শেষ করে আসা উচিত ছিল।’ এমনকি রকিবুলের জন্য প্রশংসাবাক্যেও ফিরে ফিরে এল মন না ভরার কথা, ‘আজকে (গতকাল) ওর সুযোগ ছিল, সেটা কাজে লাগিয়েছে। তবে ম্যাচ শেষ করে এলে ভালো হতো। ৭ উইকেটে জয় দেখতে আরও সুন্দর লাগত।’জেমি সিডন্স সিরিজটাকে বলেছেন ‘ব্যাটল অব দ্য স্পিনার্স’। যদিও এখন পর্যন্ত সে লড়াইটা বড়ই একপেশে। রে প্রাইস-প্রসপার উতসেয়ারা কেমন গুটিসুটি মেরে আছেন সাকিব-রাজ্জাকদের সামনে। সাফল্য-ব্যর্থতা দুটোতেই বাংলাদেশ অধিনায়ক তাই স্পিনারদের ঝান্ডা ওড়াচ্ছেন। ‘স্পিনাররা খুবই ভালো বল করছে’ বলে কালকের সহজ জয়ের পেছনেও স্পিনারদের কৃতিত্বকেই বড় করে দেখালেন। খাটো করলেন না পেসারদের প্রচেষ্টাকেও। ইনজুরি-ফেরত মাশরাফি বিন মুর্তজা যে দুই ম্যাচেও আলোকিত নন, সেটার ব্যাখ্যা দিলেন সাকিব, ‘জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের পেস বোলাররা কখনোই খুব ভালো করেনি। মাশরাফি ভাইয়ের ইনজুরি থেকে ফিরতে একটু সময় তো লাগবেই। আমার মনে হয়, কয়েকটা ম্যাচ গেলেই উনি আবার আগের জায়গায় ফিরবেন।’মাশরাফিকে নিয়ে এটা সাকিবের আশাবাদ। কিন্তু যখন এ ধরনের কথাই তিনি বলেন প্রতিপক্ষ জিম্বাবুয়েকে নিয়েও, সেটা আশঙ্কাই। সিরিজের বাকি তিন ম্যাচে জিম্বাবুয়ে তাদের স্বরূপে আবির্ভূত হতে পারে বলে সতর্কবার্তা অধিনায়কের। জিম্বাবুয়ে অধিনায়ক এলটন চিগুম্বুরাও পরোক্ষে জানিয়ে রাখলেন, ‘আমরা শুরু থেকেই ম্যাচ ধরে ধরে চিন্তা করছি। এ ম্যাচটা হারলেও পরের ম্যাচে জিতলে সিরিজ জয় খুবই সম্ভব।’বাংলাদেশেরও চিন্তা সেটাই—একটা একটা করে ম্যাচে এগোনো। সাকিব যেমন এই একটা একটা করে ম্যাচ এগিয়েই কাল খেলে ফেললেন নিজের শততম ওয়ানডে! অভিনন্দন সাকিব। শততম ওয়ানডের জন্য তো বটেই, মাত্র তিন দিনের মধ্যে সত্যিকারের অধিনায়ক হয়ে ওঠার লক্ষণ প্রকাশের জন্যও। ‘১০০তম ম্যাচ আসলে গুরুত্বপূর্ণ নয়। ম্যাচ জেতাটাই গুরুত্বপূর্ণ’—নিজের শততম ম্যাচকে দলের সামনে এতটাই গৌণ করে রাখলেন বাংলাদেশ অধিনায়ক।