বিতর্কই তাতিয়ে দিয়েছে ওয়ার্নারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোর্ট এলিজাবেথে অস্ট্রেলিয়ার হারের পর দক্ষিণ আফ্রিকানদের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তুলেছিলেন। অবান্তর অভিযোগ তোলায় আইসিসি উল্টো জরিমানা করেছিল ডেভিড ওয়ার্নারকে। গ্রায়েম স্মিথ হুমকি দিয়েছিলেন, কেপটাউনে দেখে নেবেন। ওয়ার্নারকে ‘স্বাগত’ জানাতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আগে থেকে খেপিয়ে রেখেছিলেন স্বাগতিক দর্শকদেরও। ব্যস, আর কী চাই। নিউল্যান্ডসে জোড়া সেঞ্চুরি করে পাল্টা জবাব দিলেন ওয়ার্নার। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্টের সিরিজে তাঁর রান ৫৪৩!
এটাই ওয়ার্নারের ধরন। বিতর্ক থেকে বাঁচতে মুখে তালা মেরে রাখা ক্রিকেটার অনেক আছেন। ওয়ার্নার ওই দলে পড়েন না। ওয়ার্নার এমন ক্রিকেটার, যিনি সেধে বিতর্ক তৈরি করেন এবং সেই বিতর্কের চাপ সামলান নিজের পারফরম্যান্স দিয়ে। পুরো ব্যাপারটা খুব উপভোগও করেন, ‘ওরা যদি আমার সঙ্গে কথা না বলে আমিই চেষ্টা করি তাদের উসকে দিতে। সবসময় হয়তো এমনটা করি না। কিন্তু কিছুটা চাপ থাকলে আমি ব্যাটিংয়ে ছন্দ খুঁজে পাই। এটা আমাকে সাহায্য করে।’
মাঝে মাঝে অবশ্য এর জন্য ভুগতে হয়েছে দলকে। তবে ব্যাট হাতে আবার সেটা পুষিয়েও দেন অস্ট্রেলিয়ান ওপেনার। গত বছরের মাঝামাঝি বার্মিংহামের এক পানশালায় ইংলিশ ব্যাটসম্যান জো রুটকে ঘুষি মেরে দল থেকেই বাদ পড়েছিলেন। কিন্তু ফেরার পর ওয়ার্নার কতটা দুর্দান্ত সেই প্রমাণ আশেজ থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা সফর পর্যন্ত পাওয়া যাচ্ছে —৪৯, ১২৪, ২৯, ৮৩*, ৬০, ১১২, ৯, ২৫, ১৬, ১৬, ১২, ১১৫, ৭০, ৬৬, ১৩৫, ১৪৫। শেষ ১৬ ইনিংসে ৫টি সেঞ্চুরি, ৫০ ছাড়িয়েছেন নয়বার, মাত্র একবার আউট হয়েছেন এক অঙ্কে! শেষ ৫টি সেঞ্চুরিতে স্ট্রাইক রেট যথাক্রমে ৮০.৫১, ৮০.০০, ৭৬.১৫, ৮৮.৮১ ও ৯২.৯৪।
ম্যাথু হেইডেনের মতো ওপেনার আর আসবেন না ভেবে অনেক দিন আক্ষেপ করেছেন অস্ট্রেলিয়ার সমর্থকেরা। ওয়ার্নার এত দিনে তাদের সেই আক্ষেপ জুড়িয়েছেন, আভাস দিচ্ছেন আরেকজন হেইডেন হয়ে ওঠার। ওয়েবসাইট।