বিতর্কই যাঁদের সঙ্গী
লোকে তাঁকে ‘লাল লারিয়োন্দা’ নামে ডাকে। লাল মানে বিপ্লবের রং নয়; এই লাল হলো কার্ডের রং! উরুগুয়ের রেফারি জর্জ লারিয়োন্দার লাল কার্ডের প্রতি টানের কারণেই এই ডাকনাম। শুধু লাল কার্ড প্রীতি থাকলে কথা ছিল না; ১২ বছর ধরে ফিফা রেফারি হিসেবে কাজ করা এই ভদ্রলোক জন্ম দিয়েছেন অনেক মহাবিতর্কের।শুধু লারিয়োন্দার কথা বলে লাভ কী! গত পরশু রাতে দুই ম্যাচে দুই গোল-কেলেঙ্কারির জন্ম দেওয়া দুই রেফারিরই আছে ‘বলার মতো’ ইতিহাস। যেমন জার্মানি-ইংল্যান্ড ম্যাচের রেফারি লারিয়োন্দা, তেমনই আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের রেফারি রবার্তো রসেত্তি।ইতালির রসেত্তি ফিফা ও উয়েফার ম্যাচ পরিচালনা শুরু করেছেন ২০০২ সালে। ছোটখাটো বিতর্ক অনেক জন্ম দিয়েছেন। ক্যারিয়ারের প্রথম বড় বিতর্কিত কাজটা করেছেন ২০০৮-০৯ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে। আর্সেনাল-ম্যানইউ দ্বিতীয় লেগের ম্যাচে ড্যারেন ফ্লেচারকে লাল কার্ড দেখিয়ে আলোচনায় এসেছিলেন তিনি।এবার বিশ্বকাপে প্রথম আলোচনায় এলেন ঘানা-অস্ট্রেলিয়া ম্যাচে হ্যারি কেওয়েলকে লাল কার্ড দেখিয়ে। গোললাইনে দাঁড়িয়ে কেওয়েল হ্যান্ডবল করায় পেনাল্টিও পেয়েছিল ঘানা। কিন্তু অস্ট্রেলিয়ানদের দাবি, এই লাল কার্ড ছিল অন্যায্য।তবে বড় ‘কেলেঙ্কারি’টা নিশ্চয়ই করলেন মেক্সিকোর বিপক্ষে তেভেজের গোলকে বৈধ ঘোষণা করে। যদিও অফসাইড দেখার দায়িত্ব তাঁর না। কিন্তু লাইন্সম্যানের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তটা তিনিই নিয়েছেন।আরও বড় কেলেঙ্কারি আগের ম্যাচেই করে বসেছেন ‘লাল লারিয়োন্দা’। টেলিভিশন ধারাভাষ্যকারের দেওয়া তথ্য অনুযায়ী, লারিয়োন্দা তাঁর ক্যারিয়ারের শতকরা ৭০ ভাগ ম্যাচে কমপক্ষে একটি করে লাল কার্ড দেখিয়েছেন।ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শটে বল জার্মান গোললাইন অতিক্রম করলেও গোল দেননি লারিয়োন্দা। এ ধরনের ‘কীর্তি’ করেই আলোচনায় এসেছিলেন তিনি ২০০৪ সালে। বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার বিপক্ষে ঠিক একই রকম গোললাইন অতিক্রম করেছিল আদ্রিয়ানোর দূর থেকে নেওয়া শট। কিন্তু গোল ঘোষণা করলেন না লারিয়োন্দা। তবে লাল লারিয়ান্দোর আসল খ্যাতি বিশ্বকাপেই।২০০২ বিশ্বকাপেও কাজ করা লারিয়ান্দো জার্মান বিশ্বকাপে ইতালি-যুক্তরাষ্ট্র ম্যাচে ২৪ মিনিটের মধ্যে তিনটি বহিষ্কারাদেশ দিয়েছিলেন! এ নিয়ে সে সময় বিপুল সমালোচনা হয়েছিল। এরপর ফ্রান্স-পর্তুগাল ম্যাচে ফ্রান্সের পক্ষে একটি পেনাল্টির সিদ্ধান্ত দেওয়ায় এবং পর্তুগালের পক্ষে একটি পেনাল্টি না দেওয়ায় দারুণ সমালোচিত হয়েছিলেন।ইতিহাসই বলছে বিতর্ক তাঁদের জন্য নতুন কিছু না। এএফপি।