বিতর্কিত কামায়েফের রহস্যজনক মৃত্যু

পরশু রাশিয়ার অ্যান্টিডোপিং সংস্থার (রুসাডা) সাবেক নির্বাহী পরিচালক নিকিতা কামায়েফ মৃত্যুবরণ করেছেন। ঘটনাটা দুঃখজনক কিন্তু এ খবরে শোকের চেয়ে শঙ্কাই সৃষ্টি হয়েছে বেশি—মৃত্যুটা স্বাভাবিক ছিল তো?
গত বছর বিশ্ব অ্যান্টি ডোপিং সংস্থার (ওয়াডা) এক প্রতিবেদনে কেঁপে উঠেছিল অ্যাথলেটিক-বিশ্ব। রাশিয়া নাকি রাষ্ট্রীয়ভাবে তাদের অ্যাথলেটদের পারফরম্যান্সবর্ধক ওষুধ সেবন করতে উৎসাহিত করে! এ নিয়ে তোলপাড় শুরু হলেও রাশিয়া প্রথমে এ অভিযোগ উড়িয়ে দিয়েছিল। অভিযোগ ভিত্তিহীন প্রমাণ করার চেষ্টায় রুসাডার তৎকালীন প্রধান কামায়েফের একটি উক্তি তো ছিল খুবই চমকপ্রদ, ‘আমার একটি হোলস্টার আছে, যেখানে পিস্তল রাখি। আর প্রতিদিন আমি লুবিয়াঙ্কায় (সোভিয়েত ইউনিয়নের অধুনালুপ্ত গোয়েন্দা সংস্থা কেজিবির সদর দপ্তর) রিপোর্ট দিতে যাই।’
কিন্তু ওয়াডার চাপ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ডিসেম্বরের রুসাডার শীর্ষস্থানীয় কর্মকর্তারা পদত্যাগ করতে বাধ্য হন। রাশিয়ায় ডোপিং নিয়ে রুসাডা এত দিন কী কাজ করেছে, তা মূল্যায়নের জন্য একটি তদন্তের সিদ্ধান্ত নিয়েছিল ওয়াডা। তদন্ত কর্মকর্তাদের দুই দিনের সফরে শিগগিরই রাশিয়ায় পৌঁছানোর কথা ছিল। তার ঠিক আগমুহূর্তে ৫০ বছর বয়সী কামায়েফের এমন আকস্মিক মৃত্যু সন্দেহজনক।
তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে প্রাথমিকভাবে বলা হয়েছে, স্কিয়িং করতে গিয়ে বুকে ব্যথা অনুভব করেন কামায়েফ, পরে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন তিনি। এ ব্যাপারে রুসাডার সাবেক মহাপরিচালক রামিল খাবরিয়েফ (ডিসেম্বরে পদত্যাগ করা আরেক কর্মকর্তা) জানিয়েছেন, ‘নিকিতার মৃত্যুটা দুঃখজনক। কিন্তু তাঁর যে হার্টের সমস্যা ছিল এটা জানতাম না। কে জানে, ওর স্ত্রীই ভালো বলতে পারবে।’ এএফপি, রয়টার্স।