বিতর্কে অবিচল মার্টিনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো বাড়াবাড়ি হয়ে যাবে। কিন্তু একটা প্রশ্ন হাওয়ায় ভাসছেই। জেরার্ডো মার্টিনোর বার্সেলোনা কি টিকি-টাকা থেকে সরে আসছে? নিজেদের নিয়ন্ত্রণে বল রাখার চেয়ে দ্রুত আক্রমণে যেতে কি মার্টিনো বেশি উৎসাহী?
প্রশ্নগুলো উঠেছে আসলে রায়ো ভায়েকানোর সঙ্গে ম্যাচের পর। তিন দিন আগের সেই ম্যাচে বার্সা ৪-০ গোলে জিতেছে বটে, কিন্তু পাঁচ বছরের মধ্যে প্রথম বলের দখলে পিছিয়ে ছিল প্রতিপক্ষের চেয়ে। ভায়েকানোর ৫৫ শতাংশের বিপরীতে বার্সার বলের দখল ছিল ৪৫ শতাংশ।
আর্জেন্টাইন কোচ অবশ্য এসব নিয়ে উদ্বিগ্ন নন, ‘আমি এসব বিতর্ক নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছি না। যখন একটি দল উৎকর্ষের সীমা ছাড়িয়ে যায়, তখন এসব কথা ওঠাটাই স্বাভাবিক, বিশেষ করে যখন দলের কোচ একজন ডাচ বা ক্লাবের কেউ নন। আমার শুধু মনোযোগ শুধু একদল খেলোয়াড়ের দিকে। আমার কাছে তাদের খুবই সংগঠিত ও শান্ত মনে হচ্ছে। আমি নির্ভারই আছি।’
মার্টিনোর দাবি, গত ম্যাচের বল দখলে পিছিয়ে থাকাটা শুধুই বিচ্ছিন্ন ঘটনা, ‘দলের ওপরই আসলে বল দখলের গুরুত্বটা নির্ভর করে। বার্সেলোনার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের প্রতিপক্ষের দিকেও তাকাতে হবে। রায়োর সঙ্গে গত মৌসুমের ম্যাচেও ৫৫ শতাংশ বল আমাদের নিয়ন্ত্রণে ছিল। বার্সা তো এটার সঙ্গে ঠিক অভ্যস্ত নয়।’ বার্সায় বৈপ্লবিক কোনো পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দিলেন নতুন কোচ, ‘আমি এখানে কোনো কিছু বদলাতে আসিনি। আর আপনি যদি গড় পজেশনের কথা চিন্তা করেন তাহলে দেখবেন, গত বছর এটা ছিল ৬৬ শতাংশ। আর এ বছর এখন পর্যন্ত ৬৫.৮ শতাংশ। ০.২ শতাংশের জন্য নিশ্চয়ই সবকিছু বদলে যাচ্ছে না।’
বার্সা কোচের দাবির পক্ষে যুক্তি আছে! তবে সাধারণ্যে ধারণা, মার্টিনো আসার পর বার্সার লম্বা পাসে খেলার ঝোঁকটা বেড়েছে। সেটা অবশ্য আর্জেন্টাইন কোচ পুরোপুরি অস্বীকার করেননি, ‘মানুষ লম্বা পাস নিয়ে কথা বলছে। আমার মনে আছে রাফায়েল মার্কেজ এখানে কীভাবে খেলত। আমি এমন কিছু করতে যাচ্ছি না যেটা এখানে আগে হয়নি।’
কথা উঠেছে নেইমারের গোলখরা নিয়েও। ভালো খেললেও লা লিগায় গোলটা অধরাই থেকে যাচ্ছে নেইমারের। মার্টিনো এটিকেও খুব বড় করে দেখেন না। আজই অবশ্য গোল পেয়ে যেতে পারেন নেইমার। রিয়াল সোসিয়েদাদের সঙ্গে লা লিগার আজকের ম্যাচটা শীর্ষে থাকা বার্সার অবস্থানটা আরও সংহত করার সুযোগও বটে। এএফপি।