বিতর্কে ঘুরপাক
নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা দলটাই কি এটা? ৪-০-তে সিরিজ জয়ের স্বাদ এখনো জিবে লেগে থাকার কথা, অথচ জিম্বাবুয়ের মতো সহজ প্রতিপক্ষের বিপক্ষেও কেমন এলোমেলো লাগছে বাংলাদেশ দলকে! একটা ম্যাচ হেরেই দলে দু-দুটি পরিবর্তন। দল এবং দলের আশপাশের কথাবার্তায় ক্রিকেটের চেয়ে অন্য গন্ধটাই প্রকট। কাল কোচ, অধিনায়ক থেকে শুরু করে নির্বাচক, এমনকি বোর্ড সভাপতি পর্যন্ত খেলার চেয়ে ধুলার কথাই তো বললেন বেশি!সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগের দিন এত আলোচনা, এত বিতর্ক আর এত ব্যাখ্যার ‘উপলক্ষ’ একটাই—আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসানের ফাটানো বোমা। দল বা দলের পারফরম্যান্স, সবকিছুতেই যখন অধিনায়কের অসন্তোষ ঝরে, আসল ক্রিকেট তো তখন আলোচনা থেকে পালাবেই!আগের দিন সাকিব সবাইকে ‘বিস্ময়’ উপহার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় কাল ‘অবাক’ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। ‘অধিনায়কদের অনেক সময় সত্য গোপন করতে হয়’—সাকিব এই নিয়মটাকে চরম সাহসিকতায় বৃদ্ধাঙ্গুলি দেখালেও বোর্ড প্রতিক্রিয়াহীন। উল্টো বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল দাঁড়িয়ে গেলেন অধিনায়কের পাশে, ‘একের পর এক এভাবে রানআউট হতে থাকলে সাকিব কীভাবে এই দল নিয়ে ভালো খেলবে? সাকিব ঠিকই বলেছে। আমাদের যে সামর্থ্য আছে সেটা পুরোপুরি কাজে লাগাতে হবে।’তাহলে কি দল নির্বাচন নিয়ে সাকিবের অভিযোগটাও মেনে নিচ্ছেন তিনি? বোর্ড সভাপতির পরিষ্কার ব্যাখ্যা, ‘১৫ জনের দল দেওয়া হলেও এটা হোম সিরিজ। অধিনায়ক চাইলে এর বাইরেও খেলোয়াড় নিতে পারেন। অধিনায়কের পছন্দ থাকবেই। কাকে খেলাবেন সেটা তিনিই ঠিক করবেন। জানি না সংবাদ সম্মেলনে তিনি কী বলেছেন। তবে আমার মনে হয়, দল খারাপ খেলায় হতাশা থেকেই এসব বলেছেন।’ একাদশ নির্বাচনেও কোচ-অধিনায়কের মতামতই চূড়ান্ত বলে মনে করেন মোস্তফা কামাল।তবে অধিনায়কের মতো সভাপতিও চরম বিরক্ত দলের ব্যাটিং নিয়ে, ‘২১০ রান তাড়া করতে গিয়ে যদি এই অবস্থা হয়, ২৬০-৭০ রান সামনে থাকলে কী করবে? ৫০ ওভারের ম্যাচে ৪টা রানআউট কীভাবে সম্ভব? জীবনে দেখিনি এতগুলো রানআউট একসঙ্গে হতে।্রতবে আমি মনে করি, খেলোয়াড়েরা চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পারেনি। আমার বিশ্বাস এ থেকে তারা শিক্ষা নেবে।’বোর্ড সভাপতি এই বক্তব্য দিলেন দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান গেমসে সোনাজয়ী ক্রিকেট দলের সংবর্ধনা অনুষ্ঠানে। তার আগে বাংলাদেশ দলের অনুশীলনের ফাঁকে একাধিকবার মাঠ থেকে দোতলার বিসিবি অফিসে উঠে এসেছেন সাকিব ও কোচ জেমি সিডন্স। দুই দফা সভায় বসেছেন ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেনের সঙ্গে, প্রধান নির্বাহী মনজুর আহমেদের সঙ্গেও। সভা হয়েছে এনায়েত হোসেন আর তিন নির্বাচকের মধ্যেও। এনায়েত হোসেন অবশ্য কোচ-অধিনায়কের সঙ্গে সভা প্রসঙ্গে খুব বেশি কিছু বললেন না, ‘কালকের ম্যাচের দল নিয়ে কথা বলেছি আমরা। আর সংবাদ সম্মেলন প্রসঙ্গে সাকিব জানিয়েছে, হতাশা থেকেই নাকি ওসব বলেছে।’ আচরণবিধি ভাঙায় সাকিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, কিংবা তাঁর আচরণ ঠিক অধিনায়কসুলভ কি না—এসব প্রশ্নের জবাবে তাঁর কূটনৈতিক উত্তর, ‘এখন তো সিরিজ চলছে। সিরিজটা শেষ হতে দিন।’ক্রিকেট পরিচালনা প্রধানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সম্পর্কে কিছু বলতে চাননি সাকিব আর সিডন্সও। তবে পরশু দেওয়া সাকিবের বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটা ব্যাখ্যা দিলেন সিডন্স, ‘সাকিব আমাকে বলেছে, ১৫ সদস্যের দল ঘোষণার পর ওকে অধিনায়ক করা হয়েছে।্রএই দলটা তাই তার মতামত না নিয়েই করা হয়েছে। কাজেই এটা তার দল নয়। তবে প্রথম ম্যাচে যে দলটা খেলেছে ওটা সম্পূর্ণই সাকিবের দল। দলের সবার ব্যাপারেই সে সন্তুষ্ট।’সাকিবের বক্তব্যে সতীর্থদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। যদিও সিডন্সের দাবি, দলের মধ্যে এ নিয়ে ভুল বোঝাবুঝি নেই। সংবাদ সম্মেলন থেকে ফিরে সাকিব নিজেই নাকি সবাইকে বলেছেন, তিনি একটা ভুল করে এসেছেন। ‘সবাই সেটা মেনেও নিয়েছে। আর আশরাফুল তো এমনও বলল, চাপে থাকলে এ রকম হয়ই। আশরাফুল, মাশরাফিও তো এ রকম পরিস্থিতি দেখে এসেছে। এ নিয়ে আজ (গতকাল) সকালেও আমাদের কথা হয়েছে। সব ঠিকঠাক আছে’—সিডন্স স্বস্তি দিতে চাইলেন সবাইকে।তবে আজ মাঠে বড় স্বস্তিটা দেওয়ার দায়িত্ব সাকিবের দলেরই।