বিতর্কেও অবিচল ফাওয়াদ

স্বপ্নকেও ছাড়িয়ে যাওয়ার আনন্দে এখন তাঁর উদ্বেল থাকার কথা। কিন্তু অস্ট্রেলিয়ায় এখন বিতর্কের কেন্দ্রে ফাওয়াদ আহমেদ। ধর্মীয় বিশ্বাস থেকে অস্ট্রেলিয়ার টিম স্পনসর ভিবি (ভিক্টোরিয়া বিটার) বিয়ারের লোগো-সংবলিত পোশাক পরছেন না ফাওয়াদ। আর এ নিয়ে দুই ভাগে ভাগ হয়ে পড়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট মহল। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও সতীর্থদের পাশেই পাচ্ছেন ফাওয়াদ। পরশু ফাওয়াদের অভিষেক ওয়ানডের পর যেমন পাশে দাঁড়ালেন ওয়ানডে সহ-অধিনায়ক জর্জ বেইলি।
ফাওয়াদ মুসলিম বলে নাগরিকত্ব পাওয়ার আগেই সিএ তাঁকে জিজ্ঞেস করেছিল ভিবির লোগো-সংবলিত পোশাকে সমস্যা আছে কি না। ফাওয়াদ অপারগতা জানানোর পর তাঁর জন্য লোগো ছাড়া পোশাক বানানো হয়। ওই পোশাকেই ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকায় খেলেছেন।
‘এ’ দলের খেলা বলেই তখন হইচই হয়নি। কিন্তু জাতীয় দলে অভিষেকের পর অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে পক্ষে-বিপক্ষে অনেক লেখালেখি ও কথা হচ্ছে। বিতর্কের আগুনে ঘি ঢেলেছে সাবেক অস্ট্রেলিয়া ব্যাটসম্যান ডগ ওয়াল্টার্সের একটি মন্তব্য, ‘সে যদি দলের লোগো পরতে না চায়, তাহলে তার দলে থাকাই উচিত নয়। সে যদি পারিশ্রমিক না চায়, তাহলে সেটা ঠিক আছে।’ এই মন্তব্য দেখে সাবেক রাগবি তারকা ডেভিড ক্যাম্পেস টুইট করেন, ‘পাকিস্তানি বংশোদ্ভূত ফাওয়াদ আহমেদকে ডগ ওয়াল্টার্স বলছেন: তুমি যদি ভিবি ইউনিফর্ম পছন্দ না করো, তাহলে অস্ট্রেলিয়ার হয়ে খেলো না। ভালো বলেছ ডগ। ওকে বলে দাও দেশে ফিরে যেতে।’ এরপরই এসব মন্তব্যকে ‘গোঁড়ামিপূর্ণ’ বলে কড়া জবাব দেন সিএ প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড, ‘ফাওয়াদ অস্ট্রেলিয়ান ক্রিকেটার, আর যে কারও মতোই ওর অধিকার আছে দেশের প্রতিনিধিত্ব করার। সে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়েছে, পাসপোর্ট আছে, যৌক্তিক কারণেই অস্ট্রেলিয়াকে নিজের দেশ হিসেবে বেছে নিয়েছে। অস্ট্রেলিয়ার ক্রিকেট মহল ওকে স্বাগত জানিয়েছে, আমরাও ওকে পেয়ে গর্বিত।’
প্রসঙ্গটি উঠেছিল পরশুর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও। বেইলি জানালেন, অনেক বন্ধুর পথ পেরিয়ে আসা ফাওয়াদ এসবে বিচলিত নন, ‘আমার মনে হয় না সে এসব নিয়ে খুব চিন্তিত। শার্টের সামনের দিকটায় কী আছে, এটার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সামলে এসেছে সে।’ কোচ ড্যারেল লেম্যানের সঙ্গে ফাওয়াদের সম্পর্কটাও দারুণ বলে জানালেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক। ওয়েবসাইট।