বিতর্কের আগুন উসকে দিলেন ব্ল্যাটার
বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদে মাঠ ছেড়ে গিয়ে ঠিক কাজ করেননি কেভিন-প্রিন্স বোয়েটেং। উচিত হয়নি তাঁকে অনুসরণ করে পুরো এসি মিলান দলেরই মাঠ ছেড়ে উঠে যাওয়া। আর পিঠ টান দিয়ে চলে যাওয়াটা কোনো সমাধান নয়। ওপরের কথাগুলো ফিফার সভাপতি সেপ ব্ল্যাটারের। আর এমন মন্তব্যের কারণেই এখন তোপের মুখে ফিফার সভাপতি। গত সপ্তাহে ইতালির চতুর্থ বিভাগের দল প্রো-পাত্রিয়ার সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার সময় দর্শকদের একাংশের বর্ণবাদী আচরণের প্রতিবাদে বোয়েটেংয়ের নেতৃত্বে মাঠ ছেড়ে যায় মিলান। ব্ল্যাটারের ধারণা, এরপর কোনো দল এভাবে মাঠ ছাড়লে হয়তো বিপক্ষ দলকে জয়ী ঘোষণাই করা হবে। ব্ল্যাটারের কথায় খেপেছেন ফুটবল থেকে বর্ণবাদের বিষবৃক্ষ উপড়ে ফেলার লড়াইয়ে নামা সংগঠন ফেয়ার নেটওয়ার্কের পরিচালক পিয়ারা পাওয়ার। ‘বোয়েটেংকে উপদেশ দেওয়ার অধিকার ব্ল্যাটারকে কে দিয়েছে?’—এই প্রশ্ন তুলেছেন ভদ্রলোক। ব্ল্যাটারের প্রস্তাবকে ‘অবিবেচনাপ্রসূত’ বলে উড়িয়ে দিয়ে বলেছেন, ‘বর্ণ বা জাতিগত কারণে হেনস্তা হতে কেমন লাগে, সেটা তো ব্ল্যাটার বুঝবেন না।’ইংলিশ ফুটবল ক্লাব রিডিংয়ের স্ট্রাইকার জেসন রবার্টস তো রীতিমতো ব্যঙ্গ করেছেন ফিফার সভাপতিকে নিয়ে। ব্ল্যাটারের আগের নানা আলটপকা মন্তব্যের কথা উল্লেখ করে বললেন, ‘এটা ক্লাসিক। এবার ব্ল্যাটার নিজেকেই ছাড়িয়ে গেছেন।’ এএফপি, ওয়েবসাইট।