বিতর্কের আরেক নাম সুয়ারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্ক যেন পিছু ছাড়ছে না লুইস সুয়ারেজকে। ২০১১ সালে আয়াক্স থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে বিতর্ক তাঁর নিত্যসঙ্গী। বর্ণবাদের অভিযোগে নিষিদ্ধ হয়েছেন, জরিমানা গুনেছেন। ‘ডাইভার’ খেতাবটা তো তাঁর নামের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়েই গেছে। এরই মধ্যে গত পরশু উরুগুয়ের স্ট্রাইকার জড়ালেন ‘হ্যান্ডবল’ বিতর্কে।পরশু ম্যানসফিল্ডের বিপক্ষে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে দলের দ্বিতীয় গোলটি করতে সুয়ারেজ নাকি বলের নিয়ন্ত্রণ নিয়েছিলেন হাত দিয়ে। রেফারি দেখেও বাঁশি বাজাননি। বদলি নামা সুয়ারেজের এই বিতর্কিত গোলেই পঞ্চম বিভাগের দল ম্যানসফিন্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠে গেছে লিভারপুল। এ রকম এক ‘হ্যান্ডবল’ দিয়েই সুয়ারেজের বিশ্বব্যাপী পরিচিতি। ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ঘানার বিপক্ষে ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল ধরে নিশ্চিত পরাজয়ের মুখ থেকে বাঁচিয়ে ছিলেন দেশকে। এদিনের এই ঘটনাটা অবশ্য ইচ্ছাকৃত ছিল না। তবে লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স স্বীকার করেছেন, ওটা স্পষ্টই হ্যান্ডবল ছিল। তবে তাঁকে থামানোর দায়িত্ব ছিল রেফারির। লিভারপুল কোচের দাবি, সুয়ারেজের মতো খেলোয়াড়ের বৈশিষ্ট্যই এমন, তারা না চাইলেও বিতর্ক তাদের পিছু ধাওয়া করে!‘বিতর্কে জড়ানো তার জীবনেরই অংশ। সে ব্যাপারটা নিয়ন্ত্রণও করছে দারুণভাবে। তার চামড়া মোটা। বিতর্কে জড়ানোটা তার জীবন এবং দেশের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারেরই অংশ’—বলেছেন রজার্স।লিভারপুল কোচ জোর দিয়েই বলছেন, নেতিবাচক ভাবমূর্তি সত্ত্বেও মানুষ মানতে বাধ্য—সুয়ারেজ ব্যতিক্রমী প্রতিভা! সুয়ারেজের এই কাণ্ডে সবচেয়ে বেশি দুঃখ পাওয়ার কথা ম্যানসফিল্ডের কোচ পল কক্সের। সুয়ারেজের কারণেই তো ‘ক্লাবের পয়সায় নববধূকে নিয়ে মধুচন্দ্রিমা’ সারার সম্ভাবনা শেষ হয়ে গেল। ৪১ বছর বয়সী কোচ গত শুক্রবার বিয়ে করেছেন। ক্লাব ঘোষণা দিয়েছিল, লিভারপুলকে হারাতে পারলে কোচকে মধুচন্দ্রিমায় পাঠানো হবে! এদিকে সোয়ানসি সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করায় আর্সেনালকে ম্যাচ খেলতে হবে আবারও। ম্যাচ শেষে একটা নিশ্চিত পেনাল্টি না দেওয়ায় কোচ আর্সেন ওয়েঙ্গার কাঠগড়ায় তুলেছেন রেফারি হাওয়ার্ড ওয়েবকে। এএফপি।