বিতর্কের কেন্দ্রে বোয়েটাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেভিন প্রিন্স বোয়েটাংয়ের কারণেই বিশ্বকাপে জার্মানি ও ঘানার মধ্যকার ম্যাচটি উত্তপ্ত বাতাস ছড়াবে। বেশির ভাগ জার্মানই ইতিমধ্যে বোয়েটাংকে ‘জাতীয় শত্রু’ হিসেবে ঘোষণা দিয়েছে। সপ্তাহ দুয়েক আগে এফএ কাপের ফাইনালে বোয়েটাংয়ের একটি ট্যাকলেই গোড়ালির ইনজুরিতে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে জার্মান দলনায়ক মাইকেল বালাকের। জার্মানরা দাবি করেছে বিশ্বকাপ থেকে বালাককে ছিটকে ফেলতেই বোয়েটাং ইচ্ছা করে সেই ট্যাকলটি করেছিলেন। এমনকি মাইকেল বালাক নিজেও এই চিন্তাভাবনা থেকে যে একেবারেই মুক্ত নন, তা ইতিমধ্যেই হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন। বোয়েটাংকে নিয়ে এত আলোচনা-সমালোচনার মূলে রয়েছে একটি বিশেষ কারণ। জার্মান মা ও ঘানাইয়ান বাবার ঘরে জন্ম নেওয়া বোয়েটাং বসবাস করেন জার্মানিতে। এমনকি জার্মানির হয়ে বয়সভিত্তিক প্রায় সব লেভেলেই খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। কেভিনের বড় ভাই জোরেম বোয়েটাং জার্মানির এবারের বিশ্বকাপ দলের প্রাথমিক তালিকাতেও রয়েছেন। ২০০৫ সালে জার্মান বুন্দেসলিগায় অভিষেকের পরেই কেভিন বোয়েটাং চলে যান ইংলিশ ক্লাব টটেনহাম হটসপারের হয়ে খেলার জন্য। এ মৌসুমে কেভিন বোয়েটাং খেলছেন পোর্টসমাউথের হয়ে। সব মিলিয়ে কেভিন বোয়েটাংকে আপাদ-মস্তক একজন জার্মান হিসেবেই জানে সবাই। মাত্র কয়েক দিন আগে কেভিন প্রিন্স বোয়েটাংকে ঘানার হয়ে খেলার ছাড়পত্র দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তাই জীবনে এ পর্যন্ত পুরোটাই জার্মানিতে কাটিয়ে দেওয়ার পর, জার্মান অধিনায়ককে ‘ইচ্ছা করে’ আহত করে বিশ্বকাপের বাইরে ঠেলে দেওয়ার অভিযোগে অভিযুক্ত কেভিন বোয়েটাং যখন বিশ্বকাপে সেই জার্মানির বিপক্ষেই খেলতে নামবেন তখন সেই খেলাটি উত্তাপ না ছড়িয়ে পরেই না।কেভিন বোয়েটাং এত সমালোচনার পরও পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মাইকেল বালাককে তিনি ইচ্ছা করে আহত করেননি। তিনি বিরক্তির সঙ্গেই বলেছেন তাঁর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠাটা খুবই দুঃখজনক। কোনো খেলোয়াড়ই আরেকজন খেলোয়াড়কে ইচ্ছা করে আঘাত করে না।