বিতর্কের নাম 'অফসাইড'
ম্যাচের ৩৪ মিনিট। নিউক্যাসলের চিক তিওতের বাঁ পায়ের গোলার মতো শট চলে গেল জালে। উৎসবও শুরু করে দিলেন নিউক্যাসলের খেলোয়াড়েরা। কিন্তু এ কী! রেফারি অফসাইডের অজুহাতে গোল বাতিল করে দিলেন! নিউক্যাসল কোচ অ্যালেন পারডিউ তো পারলে তখন ছিঁড়ে ফেলেন রেফারিকে।
পরশু প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ২-০ গোলে জিতেছে বটে, কিন্তু ‘অফসাইড বিতর্কের’ ডামাডোলে ফল-টল চাপা পড়ে গেছে। নিউক্যাসল কোচের দাবি, এটা বিশাল একটা ভুল সিদ্ধান্ত ছিল। আর সিটি বলছে সিদ্ধান্তটা ঠিকই ছিল।
তবে মেজাজ হারানোয় এখন বিপাকে পড়ে গেছেন পারডিউ। সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনিকে অশ্রাব্য গালিও দেন। সেটা আবার টিভির অডিওতে শোনাও গেছে। এখন এফএ এটা নিয়ে তদন্তও শুরু করতে পারে।
পেলেগ্রিনির স্পষ্ট কথা, ‘আমি নিউক্যাসলের হতাশাটা বুঝতে পারছি না, কারণ এটা অফসাইড ছিল। তবে ওরা নিজেদের মাঠে খেলছিল। আমি তাই ওদের প্রতিক্রিয়ায় অবাক হইনি, কিন্তু প্রতিটি সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করাটা তো অসম্ভব।’
পারডিউ অসংলগ্ন মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন, ‘আমি তাঁর (পেলেগ্রিনির) কাছে ক্ষমা চেয়েছি। আমি খুশি যে তিনি এটা গ্রহণও করেছেন।’ তবে অফসাইডের ব্যাপারে নিজেদের অসন্তোষটা গোপন করেননি, ‘এটা আমাদের ওপর অবিচার। কোনোভাবেই এটা অফসাইড ছিল না।’
লিভারপুল-স্টোক ম্যাচেও ছিল খানিকটা বিতর্কের ছোঁয়া। স্টোকের বিপক্ষে দেওয়া পেনাল্টির সিদ্ধান্তটা নিয়ে অবশ্য তর্ক হতে পারে। যদিও ম্যাচ শেষে ওটা অতটা আলোচনায় থাকেনি। ৮ গোলের ম্যাচটা যে দুর্দান্ত রোমাঞ্চ উপহার দিয়েছে! স্টোক সিটিকে ৫-৩ গোলে হারিয়ে লিভারপুল আছে শীর্ষ চারেই।
লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্সের জন্য স্বস্তির অনেক উপলক্ষ ছিল এ ম্যাচে। সুয়ারেজ জোড়া গোল করেছেন, জেরার্ড ফিরেছেন প্রথম একাদশে। সবচেয়ে বড় স্বস্তি ছিল ড্যানিয়েল স্টারিজের মাঠে নামা। এই স্ট্রাইকার চোট কাটিয়ে ফিরেই সুয়ারেজের সঙ্গে গড়ে তুলেছেন জুটি। এবং প্রত্যাবর্তন ম্যাচেই করেছেন দারুণ এক গোল। রজার্স তাই সন্তুষ্ট, ‘আমার মনে হয় আমরা আজ (পরশু) অসাধারণ খেলেছি। আমরা অবশ্যই রক্ষণে কিছু ভুল করেছি। আমরা সেটা খতিয়ে দেখব। তবে এখানে এসে ৫ গোল দেওয়াটা আসলেই অসাধারণ ছিল।’ এএফপি, ওয়েবসাইট।