বিতর্কের রসদ জোগালেন সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টের আগের দিন কোথায় সবার দল-উইকেট-মাঠ এসব নিয়ে কথা হবে, তা না, সাকিব আল হাসানের সংবাদ সম্মেলনের মূল বিষয় হয়ে গেল ম্যাচ ফিক্সিং!লন্ডনের দ্য টেলিগ্রাফ পত্রিকায় কাল কাউন্টি ক্রিকেটে ম্যাচ পাতানো নিয়ে একটা সংবাদ ছাপা হয়েছে। বিষয়বস্তু, ১০ বছর ধরে ইংলিশ কাউন্টিতে খেলা কোনো ক্রিকেটার নাকি ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত। ঘরোয়া এক দিনের ম্যাচ পাতানোর জন্য ভারতের এক ব্যবসায়ীর কাছ থেকে তিনি টাকা নিয়েছেন এবং তা স্বীকার করেছেন সতীর্থদের কাছে। হয়তো তাঁদের কারও মাধ্যমেই সেটা কাল দ্য টেলিগ্রাফ-এর খবর এবং সে সূত্রে সাকিবের সংবাদ সম্মেলনের বিষয়বস্তুও। আশঙ্কার কথা, সাকিবের এই সংবাদ সম্মেলন ম্যাচ ফিক্সিং আলোচনায় নিয়ে আসতে পারে নতুন মাত্রা। সাকিব নিজেও যে স্বীকার করে নিলেন, বছর আড়াই আগে এ রকম একটা প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকেও!‘কাউন্টি ক্রিকেটে ম্যাচ ফিক্সিং হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে আপনিও কি কখনো এ রকম কোনো প্রস্তাব পেয়েছেন’—ব্রিটিশ সাংবাদিকের এই প্রশ্ন চাইলে এড়িয়েও যেতে পারতেন বাংলাদেশ অধিনায়ক। সেটা না করে সাকিব খুলে দিলেন আলোচনার দরজা, ‘হ্যাঁ, এ রকম ঘটনা ঘটেছে। একদিন একজন ফোন করে বলেছিল, সে এজেন্ট জোগাড় করে দিয়ে আমাকে স্পনসরশিপ পেতে সাহায্য করতে চায়। ব্যাপারটা সঙ্গে সঙ্গে বোর্ড এবং আইসিসির দুর্নীতি দমন কর্মকর্তা প্রয়াত কর্নেল নূরকে জানিয়েছি। এরপর ওই লোক আর কখনো ফোন করেনি। যে লোকটা ফোন করেছিল সে সম্ভবত বাংলাদেশেও এসেছিল। তবে আমার সঙ্গে দেখা হয়নি।’ এই ঘটনা কত দিন আগের, সেটা সাকিব ঠিক মনে করতে পারছেন না, ‘অন্তত বছর আড়াই আগের হবে, আয়ারল্যান্ডের বিপক্ষে কোনো হোম সিরিজের সময় সম্ভবত।’ অনুমান ঠিক হলে ঘটনাটা ২০০৮ সালের। ওই সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ।সাকিব যত দূর মনে করতে পারলেন, রহস্যজনক ফোনটা এসেছিল ভারতের কোনো একটা নম্বর থেকে। এজেন্ট জোগাড় করে দেওয়ার বিনিময়ে কী করতে হবে সে বিষয়ে পরিষ্কার কোনো কথা না হলেও সাকিব বলছেন, ‘ওর কথাবার্তার ধরনে মনে হয়েছিল যেন কিছু একটা বলতে চায়। কিন্তু টিম মিটিংয়ে যাওয়ার ব্যস্ততার কারণে আমি বেশিক্ষণ কথা বলতে পারিনি।’এই ঘটনা বাংলাদেশের ক্রিকেট-সংশ্লিষ্ট অনেকেই জানেন। আর এ রকম দু-একটা প্রস্তাব বিভিন্ন সময়ে বাংলাদেশ দলের সাবেক ও বর্তমান আরও দু-চারজন ক্রিকেটারের কাছেও এসেছে বলে শোনা যায়। তবে এসব প্রস্তাবে বাংলাদেশ দলের কোনো ক্রিকেটার কখনো সাড়া দিয়েছেন, সে রকম অভিযোগ বা তথ্যপ্রমাণ কোনোটাই নেই। তা ছাড়া ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়া মানেই তো আর ম্যাচ পাতিয়ে ফেলা নয়! কিন্তু ইংলিশ মিডিয়াকে সেটা কে বোঝাবে! লর্ডসের সংবাদ সম্মেলনজুড়ে থাকল এই একটা প্রসঙ্গই। উঠে এল বাংলাদেশের ক্রিকেটারদের আর্থিক অবস্থার প্রসঙ্গও। ভাবটা এমন, আর্থিক সচ্ছলতা নেই বলে ক্রিকেটাররা এ পথে আসতেই পারেন। সাকিব যদিও এমন ধারণার তীব্র প্রতিবাদ করেছেন, ‘টাকা-পয়সা নিয়ে ভাবি না। আমি দেশের জন্য খেলতে চাই, সেটা আমার কাছে অনেক বড় গর্ব। আগামী দশটা বছর যদি আমি ভালো খেলে যেতে পারি, টাকা এমনিতেই আসবে।’সাকিব হঠাৎ করে আলোচনায় চলে এলেও ইংলিশ সংবাদমাধ্যমে ম্যাচ পাতানো নিয়ে আলোচনা কাউন্টি ক্রিকেটকে ঘিরেই। লর্ডস টেস্টে সাকিব বা বাংলাদেশ দলের মনঃসংযোগ তাতে বিক্ষিপ্ত না হওয়াই উচিত। সাকিবও আশা করছেন, ভালো কিছুই হবে প্রথম টেস্টে, ‘লর্ডস না কোথায় খেলছি, সেটা বড় ব্যাপার না। ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডের সঙ্গে খেলাটাই একটা বড় চ্যালেঞ্জ। এখানে ভালো কিছু করলে সবাই অনুপ্রাণিত হবে। লর্ডসে দুইটা বোর্ড আছে, তাতে যদি নাম ওঠানো যায়...হয়তো দুই বোর্ডেই আমাদের কারও নাম উঠতে পারে। এসব জিনিস তো ভেতরে ভেতরে সবার মধ্যেই কাজ করবে।’লর্ডসের মাঠে সেঞ্চুরি করলে বা ইনিংসে ৫ উইকেট পেলে নাম উঠে যায় লর্ডস অনার্স বোর্ডে। এই দুই বোর্ডেই বাংলাদেশ দলের দুজনকে দেখতে চাওয়ার যে স্বপ্নটা দেখছেন সাকিব, সেটি বাড়াবাড়ি নয়। অনার্স বোর্ডে সফরকারী দলের সর্বশেষ দুটি নাম তো উঠেছে একই সিরিজে এবং সেই দুই ক্রিকেটারও ছিলেন একই দলের! বিদেশি খেলোয়াড়দের মধ্যে লর্ডসে সর্বশেষ সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের জ্যাকব ওরাম (১০১), ২০০৮ সালের ওই সিরিজেই সর্বশেষ ৫ উইকেট পাওয়ার কৃতিত্ব ওরামেরই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির (৫/৬৯)।