বিতর্কের শেষ চান ক্লার্ক
ওয়াটারগেট কেলেঙ্কারির পর থেকে বড় যেকোনো বিতর্ক বা কেলেঙ্কারির সঙ্গে ‘গেট’ শব্দটা লেগে যায়। অস্ট্রেলিয়ান ক্রিকেটের চলমান বিতর্কের নাম হয়ে গেছে যেমন ‘হোমওয়ার্কগেট।’ প্রতিদিনই ডালপালা ছড়াচ্ছে এই হোমওয়ার্কগেট। দেশে ফিরে শেন ওয়াটসন বিতর্কিত মন্তব্যের জন্য একহাত নিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ডকে। বোর্ডের ওয়েবসাইটে লেখা নিজের ব্লগে মিকি আর্থার আবার তুলে ধরেছেন শৃঙ্খলাভঙ্গের আরও কিছু অভিযোগ। আর মাইকেল ক্লার্ক তাকাতে চান সামনে। অস্ট্রেলিয়ান অধিনায়কের আশা, চতুর্থ টেস্টেই পাওয়া যাবে ওয়াটসনকে।দেড় বছর ধরে ক্লার্কের ডেপুটি হলেও ওয়াটসনের সঙ্গে ক্লার্কের সম্পর্ক নাকি খুব একটা ভালো নয়। সেদিকে ইঙ্গিত করেই হাওয়ার্ড বলেছিলেন, ক্লার্ক-ওয়াটসনের উচিত নিজেদের মধ্যকার ঝামেলা মিটিয়ে ফেলা। ‘ওয়াটসনকে খুব ভালো করে চেনেন’ দাবি করে বোর্ডের পারফরম্যান্স ম্যানেজার খানিকটা খোঁচাও দিয়েছিলেন। বলেছিলেন ওয়াটসন ‘কখনো কখনো’ দলের প্রতি নিবেদিত।গত মঙ্গলবার রাতে সিডনি ফিরে সেটিরই জবাব দিয়েছেন ওয়াটসন, ‘আমি শুধু বলতে পারি, জীবনে যতজনের সঙ্গে আমি ক্রিকেট খেলেছি, সবাইকে গিয়ে জিজ্ঞেস করুন আমি দলের প্রতি নিবেদিত কি না। পাট হাওয়ার্ড তো আমাকে ভালো করে জানেই না। সে রাগবি থেকে এসেছে, ক্রিকেটের সঙ্গে অনেক দিন ধরেই ছিল না। এ জন্যই সবচেয়ে ভালো হয় আমার সব সতীর্থকে জিজ্ঞেস করলে, সত্যিটা ওরা বলবে।’ক্লার্কের সঙ্গে সম্পর্কের অবনতিও স্বীকার করেননি ওয়াটসন, ‘সব সম্পর্কেই ওঠা-নামা থাকে, বিয়ে-বন্ধুত্ব বা যেকোনো সম্পর্কে। মাইকেল ক্লার্কের সঙ্গে ক্রিকেট খেলে আসছি ১২ বছর বয়স থেকে, আমাদের সম্পর্ক অনেক পুরোনো। অবশ্যই আমাদের ব্যক্তিত্বের ধরন আলাদা, আবার অনেক কিছুতে মিলও আছে। দিন শেষে সব সম্পর্কেরই ওঠা-নামা থাকে, মাইকেলের সঙ্গে আমার সম্পর্ক এখন খুবই ভালো।’শাস্তি নিয়ে নিজের অবস্থান থেকেও সরে আসেননি এই অলরাউন্ডার। ভারত ছাড়ার আগে যেমন বলেছিলেন, দেশে ফিরেও বললেন শাস্তিটা বেশিই হয়ে গেছে, ‘মানছি কাজটা আমি ঠিক করিনি (হোমওয়ার্ক না করে), কিন্তু এক টেস্টের জন্য বহিষ্কার হওয়াটা মেনে নেওয়াও কঠিন। যখন দেশের হয়ে খেলার সুযোগ কেড়ে নেওয়া হবে, মানে বড় কোনো অন্যায় করেছি। এখানেই আমাদের মতপার্থক্য (টিম ম্যানেজমেন্টের সঙ্গে)। আবারও বলছি, শাস্তিটা খুব রূঢ় হয়ে গেছে।’ পুনর্ব্যক্ত করেছেন ক্যারিয়ার নিয়ে ভাবার ইচ্ছেটাও।তবে সিডনিতে পা রাখার পরই ওয়াটসনকে ফোন করেছিলেন ক্লার্ক। সেই আলাপের সূত্রেই অধিনায়কের বিশ্বাস, দিল্লিতে চতুর্থ টেস্টেই ফিরে পাবেন ডেপুটিকে, ‘ওয়াট্টোর সঙ্গে যা কথা হয়েছে, তাতে আমি শতভাগ নিশ্চিত সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্যই ও দেশে ফিরেছে। আমি জানি বাবা হওয়া নিয়ে কতটা রোমাঞ্চিত ও। আশা করি, কয়েক দিনের মধ্যে ওয়াট্টো-লি (লি ফারলং, ওয়াটসনের স্ত্রী) বাবা-মা হবে, চতুর্থ টেস্টেই ওয়াট্টোকে আমরা পাব। আমার চোখে এটাই সম্ভাব্য সেরা দৃশ্যপট। বাকিটা ওয়াট্টোর ওপর।’আর্থার আবার ব্লগে লিখেছেন, এ ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়। টিম মিটিংয়ে অনেকের দেরি করে আসা, ফিটনেস-সমস্যা, আড়ালে কথা বলা এসব নিয়ে দলে শৃঙ্খলাসমস্যা বেশ কিছুদিন ধরেই। সবার প্রতি বার্তা দিতেই নাকি এই কঠিন শাস্তি। ওয়েবসাইট।